শিয়ালদহে এইচআইভি সচেতনতা প্রচারে ভিক্টোরিয়া ইনস্টিটিউশন
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
কালচারাল কো-অর্ডিনেটর
রঙ নিউজ
পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সমিতি (WBSAP&CS) এবং ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন (NACO)-এর সহযোগিতায় ভিক্টোরিয়া ইনস্টিটিউশন (কলেজ)-এর NSS ইউনিট ও রেড রিবন ক্লাবের উদ্যোগে সোমবার ‘ইনটেনসিফায়েড আইইসি ক্যাম্পেইন ২০২৬’-এর আওতায় এক বিশেষ সচেতনতামূলক প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে কলেজের অধ্যক্ষা HIV ও AIDS সম্পর্কে বৈজ্ঞানিক সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক কুসংস্কার ও ভ্রান্ত ধারণা দূর করার উপর জোর দেন। কর্মসূচি সফল করতে WBSAP&CS-এর সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানান।
WBSAP&CS-এর সহকারী অধিকর্তা (যুব বিষয়ক) পিয়ালী দাস NSS স্বেচ্ছাসেবকদের প্রশংসা করে বলেন, শিয়ালদহের মতো জনবহুল এলাকায় প্রচার চালানোর ফলে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে সচেতনতার বার্তা সরাসরি পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। চিকিৎসক ডা. নিবেদিতা দত্ত জানান, HIV সংক্রমণ মানেই AIDS নয়। দ্রুত স্বাস্থ্য পরীক্ষা এবং ICTC কেন্দ্রে পরামর্শ নেওয়ার গুরুত্বও তিনি তুলে ধরেন।

কলেজের IQAC কো-অর্ডিনেটর ডা. সুদীপ সিংহ HIV সচেতনতার পাশাপাশি তরুণীদের HPV টিকাকরণের প্রয়োজনীয়তার কথা বলেন। সহযোগী অধ্যাপিকা সুচ্ছন্দা ঘোষ ও ডা. সুচন্দ্রা গুহ কলেজের সামাজিক স্বাস্থ্য উদ্যোগে ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন।
ডা. শুভেন্দু চন্দ্রের বার্তা—ভয় নয়, সঠিক তথ্য, জ্ঞান ও সচেতনতার মাধ্যমেই HIV-এর বিরুদ্ধে লড়াই সম্ভব। ডা. সুকৃতি লাহোড়ী সিংহ, ডা. মৌসুমী দাশগুপ্ত, মীনা চক্রবর্তী ও ডা. কস্তুরী মজুমদারও যৌথ সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
শেষে NSS প্রোগ্রাম অফিসার ডা. চিত্রিতা ভৌমিক জানান, পড়াশোনার পাশাপাশি সমাজকল্যাণমূলক কাজে ছাত্রীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই কর্মসূচির অন্যতম সাফল্য। ভবিষ্যৎ প্রজন্মকে সামাজিক দায়বদ্ধতা ও সমাজসেবায় উদ্বুদ্ধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
