সিলিগুড়ি-উত্তর-পূর্বে ৬৩০ কিমির মেগা করিডর

সিলিগুড়ি-উত্তর-পূর্বে ৬৩০ কিমির মেগা করিডর

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

কালচারাল কো-অর্ডিনেটর

রঙ নিউজ

উত্তর-পূর্ব ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গের সড়ক যোগাযোগ আরও শক্তিশালী করতে ৬৩০ কিলোমিটার দীর্ঘ হাইওয়ে করিডর তৈরির পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। প্রায় ৬১ হাজার ৫০০ কোটি টাকার এই বৃহৎ প্রকল্পে নতুন গ্রিনফিল্ড হাইওয়ের পাশাপাশি বর্তমান একাধিক সড়কও আপগ্রেড করা হবে। প্রস্তাবিত করিডরের গুরুত্বপূর্ণ অংশ সিলিগুড়ি থেকে গুয়াহাটি, যা প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ এবং এর জন্য প্রায় ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

এর পরের অংশে রয়েছে ৬৬ কিলোমিটার দীর্ঘ জোরাবাট-বারাপানি গ্রিনফিল্ড করিডর। নতুন এই রুটে গুয়াহাটি-শিলং যাত্রার সময় প্রায় আড়াই ঘণ্টা থেকে কমে এক ঘণ্টার কাছাকাছি আসতে পারে। এরপর ১৬৫-১৬৬.৮ কিলোমিটার দীর্ঘ চার লেনের গ্রিনফিল্ড শিলং-শিলচর করিডর। কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদিত এই প্রকল্পের মূলধনী ব্যয় প্রায় ২২ হাজার ৮৬৪ কোটি টাকা। করিডরটি মেঘালয় ও অসমের মধ্যে নতুন সংযোগ তৈরি করবে এবং গুয়াহাটি থেকে শিলচরগামী যান চলাচলের গতি ও পরিষেবা উন্নত করার লক্ষ্য রয়েছে।

শিলং-শিলচর রুটের মাধ্যমে ত্রিপুরা, মিজোরাম ও মণিপুরের দিকেও দ্রুত যোগাযোগের সুযোগ বাড়বে। পাশাপাশি মেঘালয়ের ডাউকি, ডালু, গারো হিলস-সহ বিভিন্ন অঞ্চলের সংযোগও উন্নত করার একাধিক প্রকল্প রয়েছে। ফলে পণ্য পরিবহণ, পর্যটন, বাণিজ্য এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসার সম্ভাবনা রয়েছে।

আর ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগপথ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’। তাই নতুন গ্রিনফিল্ড রুট এবং পুরনো হাইওয়ে আপগ্রেড মিলিয়ে এই মেগা করিডর উত্তরবঙ্গ থেকে উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *