সেনসেক্সে সবুজের ছোঁয়া, নিফটিতে লাল সংকেত
দেবপ্রিয়া বারিক : রঙ নিউজ
৭৮ হাজারের ঘরে দাঁড়িয়ে বাজার—তেলের দাম, ভূ-রাজনীতি ও ব্যাংকিং চাপে বিনিয়োগকারীদের সতর্কতা
মুম্বই, ১৩ আগস্ট:
একই দিনের বাজার, অথচ দুই রকম ছবি। দিনের শুরুতে উদ্বেগ, মাঝপথে ঘুরে দাঁড়ানোর চেষ্টা এবং শেষ ঘণ্টায় ফের অনিশ্চয়তা—বৃহস্পতিবার ভারতীয় শেয়ারবাজার যেন বিনিয়োগকারীদের সামনে এমনই এক দোদুল্যমান দিন। শেষ পর্যন্ত Sensex সামান্য এগোলেও Nifty 50 পিছিয়ে গেল।
দিনের শেষে BSE Sensex ১১৩.৬১ পয়েন্ট বেড়ে ৭৮,০৭৯.৯৬-এ থামে। উল্টো দিকে Nifty 50 কমে ২৪,৩৯৫.৮৫-এ, অর্থাৎ ৪০.১০ পয়েন্ট বা প্রায় ০.১৬ শতাংশ নীচে। ফলে সূচকের হিসাবে বাজার বন্ধ হলেও বিনিয়োগকারীরা পুরোপুরি ‘স্বস্তির’ নিঃশ্বাস ফেলতে পারেনি।
সকালের ভয়, দুপুরে ঘুরে দাঁড়ানো
বৃহস্পতিবারের লেনদেনের শুরুতেই চাপ স্পষ্ট ছিল। Sensex প্রায় ১০০ পয়েন্ট নীচে নেমেছিল এবং Nifty ২৪,৪০০-এর নীচে চলে যায়। পরে কিছুটা কেনাকাটা ফিরে আসায় Sensex ক্ষতি পুষিয়ে সবুজে ফেরে। কিন্তু Nifty সেই জায়গা ধরে রাখতে পারেনি।
এই ওঠানামার পিছনে ছিল একাধিক কারণ। আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং অপরিশোধিত তেলের উচ্চ দাম ভারতীয় বাজারে সতর্কতার আবহ তৈরি করেছে। আজ ব্রেন্ট ক্রুড প্রায় ৮৮ ডলার প্রতি ব্যারেল-এর আশপাশে ছিল। ভারতের মতো তেল-আমদানি নির্ভর অর্থনীতিতে দীর্ঘ সময় ধরে চড়া তেলের দাম, মূল্যস্ফীতি ও বাণিজ্য ঘাটতির আশঙ্কা বাড়াতে পারে।
ব্যাংকিং খাতে চাপ, Tata Motors-এ উল্টো স্রোত
আজকের বাজারে আর্থিক ও ব্যাংকিং শেয়ারগুলিতে চাপ ছিল। এই দুই খাতের সূচক প্রায় ০.৪ শতাংশ করে কমেছে। RBI-এর ঋণের মূল্য নির্ধারণের নিয়মে সম্ভাব্য পরিবর্তন নিয়েও বাজারে আলোচনা ছিল।
তবে সব বড় শেয়ারের গল্প এক ছিল না। Tata Motors প্রায় ৩.৯ শতাংশ উঠে দিনের অন্যতম আলোচিত লাভকারী হয়ে ওঠে। শক্তিশালী ত্রৈমাসিক ফল এবং ভবিষ্যৎ চাহিদা নিয়ে সংস্থার ইতিবাচক প্রত্যাশা পূরণ করবে আশা করা যায়।
কর্পোরেট ফলাফলে লুকিয়ে আশার জায়গা
বাজারের অস্থিরতার মাঝেও ভারতের কর্পোরেট আয়ের ছবিতে কিছুটা আশার আলো রয়েছে। ICRA-র পর্যবেক্ষণে থাকা ৮৩৮টি তালিকাভুক্ত সংস্থার সম্মিলিত আয় FY27-এর প্রথম ত্রৈমাসিকে বছরে ২২ শতাংশ বেড়েছে, যেখানে FY26-এর শেষ ত্রৈমাসিকে বৃদ্ধির হার ছিল প্রায় ১৩ শতাংশ। অর্থাৎ বাজারের সামগ্রিক চাপের মধ্যেও কর্পোরেট পারফরম্যান্স কিছুটা শক্তিশালী হয়েছে।
আজকের বাজার-আলোচনায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। MSCI-এর আগস্ট ২০২৬ পর্যালোচনায় চারটি ভারতীয় সংস্থা Global Standard Index-এ যুক্ত হচ্ছে এবং তিনটি সংস্থা বাদ পড়ছে। এর ফলে MSCI Global Standard Index-এ ভারতের প্রতিনিধিত্ব ১৬৫ থেকে বেড়ে ১৬৬টি সংস্থা হবে এবং ভারতের ওজন ১১.৮ শতাংশ থেকে ১১.৯ শতাংশে উঠবে। নতুন সংযোজনগুলির মধ্যে রয়েছে Laurus Labs, Lenskart, Adani Energy Solutions এবং Groww।
দিনশেষের বাজারের-ছবি :
Sensex: ৭৮,০৭৯.৯৬ ▲ ১১৩.৬১ পয়েন্ট
Nifty 50: ২৪,৩৯৫.৮৫ ▼ ৪০.১০ পয়েন্ট
Nifty Bank: ৫৭,৬৩৫.২৫ ▼ ০.৪৩%