হলদিয়ায় অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের জেলা সম্মেলন

হলদিয়ায় অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের জেলা সম্মেলন

 

নতুন জেলা কমিটি গঠন, শিক্ষার গুণগত মান ও জাতীয় শিক্ষাদর্শ নিয়ে জোরালো বার্তা

 

দিব্যেন্দু দাস , রঙ নিউজ

হলদিয়া, পূর্ব মেদিনীপুর | ১৬ আগস্ট ২০২৬

 

“রাষ্ট্রের হিতে শিক্ষা, শিক্ষার হিতে শিক্ষক, শিক্ষকের হিতে সমাজ”—এই মূলমন্ত্রকে সামনে রেখে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় অনুষ্ঠিত হল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ (ABRSM), পশ্চিমবঙ্গ বিদ্যালয় শিক্ষা শাখার বার্ষিক জেলা সম্মেলন-২০২৬। রবিবার হলদিয়া গভঃ স্পনসর্ড বিবেকানন্দ বিদ্যাভবন (রাণীচক)-এর প্রেক্ষাগৃহে আয়োজিত এই সম্মেলনে জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বিপুল সংখ্যক শিক্ষক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

শিক্ষার মাধ্যমে উন্নত সমাজ ও জাতি গঠন, জাতীয় শিক্ষানীতির যথাযথ মূল্যায়ন, শিক্ষকদের ভূমিকা এবং শিক্ষাব্যবস্থার সার্বিক গুণগত মানোন্নয়ন—এই বিষয়গুলিই সম্মেলনের আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।

 

প্রদীপ প্রজ্জ্বলন ও বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। সরস্বতী মাতা ও ভারতমাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক তথা অখিল ভারতীয় কার্যকারণী সদস্য বাপি প্রামানিক-সহ রাজ্য ও জেলা স্তরের নেতৃত্ব। সৌমিত্র চৌধুরী ও তাঁর সহযোগীদের মন্ত্রোচ্চারণ ও সরস্বতী বন্দনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনায় তৈরি হয় আধ্যাত্মিক ও শিক্ষামুখী আবহ।

স্বাগত ভাষণ দেন পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সভাপতি অমিতাভ মণ্ডল। সম্মেলনে উপস্থিত ছিলেন মহিষাদল বিধানসভার বিধায়ক সুভাষ চন্দ্র পাঁজা, নন্দকুমার বিধানসভার নির্মল খাঁড়া এবং রামনগর বিধানসভার চন্দ্রশেখর মণ্ডল। তাঁদের বক্তব্যে শিক্ষক সমাজের দায়িত্ব, মূল্যবোধভিত্তিক শিক্ষা এবং জাতীয় শিক্ষাদর্শের সমন্বয়ের বিষয়টি বিশেষভাবে উঠে আসে।

 

বার্ষিক প্রতিবেদন ও আর্থিক হিসাব পেশ

 

সম্মেলনের সাংগঠনিক পর্বে পূর্ব মেদিনীপুর জেলা কমিটির বিগত বছরের কার্যবিবরণী ও সাংগঠনিক অগ্রগতির রিপোর্ট পেশ করেন জেলা সম্পাদক বিশ্বেশ্বর পাত্র। সংগঠনের আর্থিক স্বচ্ছতার বিষয়টি তুলে ধরে আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব ও কোষাধ্যক্ষের প্রতিবেদন পেশ করেন জেলা কোষাধ্যক্ষ দীপক কুমার জানা।

 

এরপর “সংগঠন পরিচয় ও আগামী দিনের লক্ষ্য” শীর্ষক বক্তব্যে রাজ্য সাধারণ সম্পাদক বাপি প্রামানিক সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। ভারতীয় শিক্ষাদর্শকে আরও সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষক ও সমাজকে সঙ্গে নিয়ে বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কর্মসূচির পরিকল্পনার কথাও তিনি জানান।

 

দ্বিতীয় পর্বে সংগঠনের কর্মসূচি ও শিক্ষাদর্শ নিয়ে আলোচনা

 

সম্মেলনের দ্বিতীয় বৈচারিক পর্বে সংগঠনের “তিনটি স্থায়ী কার্যক্রম” নিয়ে বক্তব্য রাখেন রাজ্য সম্পাদিকা নবনীতা মণ্ডল কুণ্ডু। “অন্যান্য কার্যক্রম ও বিভিন্ন প্রকোষ্ঠ” সম্পর্কে বিস্তারিত ধারণা দেন রাজ্য সম্পাদক তন্ময় সরকার। “আর্থিক স্বচ্ছতা এবং ABRSM” বিষয়টি নিয়ে বক্তব্য রাখেন রাজ্য কোষাধ্যক্ষ জগদানন্দ নস্কর।

 

এদিনের অন্যতম গুরুত্বপূর্ণ বক্তা ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের মেদিনীপুর বিভাগের সহ-কার্যবাহ গৌরাঙ্গ খাঁড়া। “সঙ্ঘ এবং বিচার পরিবারের ধারণা” বিষয়ক বক্তব্যে তিনি সংগঠনের আদর্শ ও রাষ্ট্রভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেদিনীপুর বিভাগ সঙ্ঘচালক গৌর হরি সামন্ত, তাম্রলিপ্ত জেলা সঙ্ঘচালক তথা নন্দীগ্রাম কলেজের প্রাক্তন অধ্যাপক কৃষ্ণ কপাল ঘুম পাচ্ছে অধিকারী, হলদিয়ার বিশিষ্ট শিক্ষক শিব শংকর সিং সর্দার। জেলা শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা বিভাগের জেলা পরিদর্শক (DI Secondary) পলাশ খাঁড়া এবং DPSC-এর চেয়ারম্যান-ইন-চার্জ চন্দ্র শেখর জাউলিয়া।

 

ঘোষণা হল নতুন জেলা কার্যকারণী কমিটির

 

সম্মেলনের সাংগঠনিকভাবে তাৎপর্যপূর্ণ মুহূর্তে আগামী কার্যবর্ষের জন্য পূর্ব মেদিনীপুর জেলার নতুন জেলা কার্যকারণী কমিটি ঘোষণা করেন রাজ্য সাধারণ সম্পাদক বাপি প্রামানিক। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

 

সম্মেলনের শেষে সকল প্রতিনিধি, অতিথি ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানান পূর্ব মেদিনীপুর জেলা সহ-সভাপতি কল্যাণ সৌন্দ। সমবেত শিক্ষক মণ্ডলীর কণ্ঠে রাষ্ট্র বন্দনা ও কল্যাণ মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শেষ হয় ABRSM-এর বার্ষিক জেলা সম্মেলন-২০২৬।

 

শিক্ষক সমাজের ভূমিকা, শিক্ষার ভারতীয় দর্শন এবং আগামী দিনের সাংগঠনিক কর্মপন্থাকে সামনে রেখে হলদিয়ার এই জেলা সম্মেলন পূর্ব মেদিনীপুরের শিক্ষক মহলে বিশেষ তাৎপর্য বহন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *