রাজস্থান হাইকোর্টে নজিরবিহীন অচলাবস্থা

রাজস্থান হাইকোর্টে নজিরবিহীন অচলাবস্থা

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

কালচারাল কো-অর্ডিনেটর

রঙ নিউজ

সুপ্রিম কোর্টের বিচারপতি সন্দীপ মেহতার পাঠানো একাধিক চিঠিকে ঘিরে তীব্র বিতর্কে উত্তাল রাজস্থান হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব প্রকাশ শর্মার বিচারবিভাগীয় ও প্রশাসনিক ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে চিঠি দিয়েছেন বিচারপতি মেহতা। অভিযোগের মধ্যে রয়েছে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার, মামলা তালিকাভুক্তিতে পক্ষপাত এবং প্রভাবশালীদের সুবিধা দেওয়ার মতো বিষয়।

জানা গিয়েছে, বিচারপতি মেহতা রাজস্থান হাইকোর্টে একজন নিয়মিত প্রধান বিচারপতি নিয়োগ এবং বিচারপতি শর্মাকে রাজ্যের বাইরে বদলির জন্য সুপ্রিম কোর্ট কলেজিয়ামের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন। দীর্ঘ সময় ধরে তাঁকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পদে রাখা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

এরই প্রতিবাদে হাইকোর্টের আইনজীবীদের একাংশ বিচারপতি শর্মার এজলাস বয়কটের ডাক দিয়েছেন। সোমবার আদালত চলাকালীন বারান্দায় আইনজীবীদের অবস্থান-বিক্ষোভ ও স্লোগানের জেরে ব্যাহত হয় স্বাভাবিক শুনানি। প্রকাশ্য এজলাসে পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিচারপতি শর্মা বলেন, পরিস্থিতি উত্তপ্ত এবং আইনজীবীরা কাউকে আদালতে প্রবেশ করতে দিচ্ছেন না।

তবে অভিযোগকে এখনও চূড়ান্ত সত্য বলে মানা হয়নি। প্রধান বিচারপতি সূর্য কান্ত জানিয়েছেন, নির্দিষ্ট অভ্যন্তরীণ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিচারপতি শর্মাকে নিজের বক্তব্য পেশের পূর্ণ সুযোগ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, এই ধরনের বিষয়ে সংবাদমাধ্যম বা জনসমক্ষে বিচার হওয়া কাম্য নয়।

আইনজীবীদের বয়কটে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন বিচারপ্রার্থীরা। এখন নজর সুপ্রিম কোর্টের অভ্যন্তরীণ তদন্ত এবং কলেজিয়ামের পরবর্তী সিদ্ধান্তের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *