সব চরিত্রই ‘যমজ’

সব চরিত্রই ‘যমজ’

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

শুভ পরিণয়ের পাত্র পাত্রী থেকে বিবাহের পুরোহিতরা সকলেই যমজ! এমনকি পুরোহিতদের সহকারীরাও যমজ! এমনই ব্যতিক্রমী ও অভিনব বিবাহ অনুষ্ঠানের সাক্ষী থাকল দেশ। দক্ষিণে কেরল রাজ্যে কোট্টায়ামের চাঙ্গানেসেরিতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে চার হাত এক হলো দু জোড়া নবদম্পতির। সমাজ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তে তা ভাইরাল হয়। অভিনব ঘটনায় চমৎকৃত হয়েছে নেট দুনিয়া।

 

জানা গিয়েছে, এই অভিনব বিবাহ আসর অনুষ্ঠিত হয় চাঙ্গানাসেরি মেট্রোপলিটন গির্জায়। সেখানে উপস্থিত হন পাঠানামথিট্টার বাসিন্দা যমজ বোন ম্যাগি থমাস ও মারিয়া থমাস। দুই বোনই তথ্য প্রযুক্তি ক্ষেত্রের কর্মী। অন্যদিকে চাঙ্গানাসেরির বাসিন্দা যমজ ভাই অখিল কে থমাস ও নিখিল কে থমাস। দুই ভাইই পেশায় মার্চেন্ট নেভির কর্মী। খ্রিষ্টধর্মাবলম্বীদের রীতি অনুযায়ী গির্জায় জোড়া দম্পতির বিবাহ সুসম্পন্ন করেন ফাদার অ্যান্টো পেঝুমকাট্টিল ও ফাদার আজো পেঝুমকাট্টিল। ঘটনাচক্রে তাঁরাও যমজ ভাই! তবে ঘটনায় ভিন্ন মাত্রা এনে চমক আরও বাড়িয়ে দিয়েছেন দুই ফাদারের সহকারীরা। সহকারী জেরন জেমস ও যোহন জেমস দুজনেই যমজ ভাই!

বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে খুশি যমজ দম্পতি। সূত্রের দাবি, তাঁরা শৈশব থেকেই এটাই চেয়েছেন। সবকিছুই হবে একসঙ্গে। অন্যদিকে বিবাহ দিয়ে খুশি দুই যমজ ফাদার। তাঁরা বলেন, ভাবতে ভালো লাগে যে একসঙ্গে পৃথিবীর আলো দেখার পর নতুন জীবন শুরু হচ্ছে একসাথে। তাঁদের কথায়, সবই ঈশ্বরের ইচ্ছা। জোড়া নবদম্পতির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন দুই ফাদার। জোড়া নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছে নেটিজেনরা।

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *