তৃতীয়ায় বিকাশ জহরের ডাকে শহরে প্রকাশ রাজ

তৃতীয়ায় বিকাশ জহরের ডাকে শহরে প্রকাশ রাজ

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

দেশ জুড়ে বিজেপি বিরোধী আন্দোলনের ঢেউ আছড়ে পড়তে চলেছে পশ্চিমবঙ্গেও। বাঙালির সম্বৎসরের সবথেকে বড়ো উৎসব দুর্গাপুজোর ঠিক আগেই স্বচ্ছ ভোট প্রক্রিয়া ও নাগরিকদের ভোটাধিকারকে সুনিশ্চিত করতে রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা রাজ্য বাম রাজনীতির পরিচিত মুখ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও তৃণমূল ঘনিষ্ঠ রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন আমলা জহর সরকারের ডাকে নাগরিক কনভেনশনে যোগ দিতে ১৩ই অক্টোবর কলকাতার কলামন্দিরে আসছেন দক্ষিণী তারকা প্রকাশ রাজ। এছাড়াও কনভেনশনে যোগ দিতে আসছেন প্রাক্তন নির্বাচন কমিশনার অশোক লাভাসা।

চলতি সময়ে এসআইআর প্রক্রিয়া, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইস্যুতে তোলপাড় শুরু হয়েছে দেশ জুড়ে। ১০ই অক্টোবর দিল্লিতে বড়োসড়ো আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি। তার আঁচ এবার শহর কলকাতায়। এসআইআর প্রক্রিয়া নিয়ে চলতি সময়ে বারবার মুখ খুলেছেন কলকাতার প্রাক্তন মেয়র ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অন্যদিকে প্রাক্তন আমলা জহর সরকার তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গেলেও বর্তমানে তাঁর বাম পরিমণ্ডলে স্বচ্ছন্দ ঘোরাফেরা নজর কাড়ে। এর পাশাপাশি পর্দায় ভিলেনের ভূমিকায় অভিনয় করলেও বাস্তবে বারবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সপাট মন্তব্য করেছেন বাম মনোভাবাপন্ন তারকা প্রকাশ রাজ। বামপন্থী ছাত্র যুব সংগঠনের একাধিক সভায় গুরুত্বপূর্ণ বক্তব্যও রেখেছেন তিনি। আবার বিজেপি সরকারের নীতির বিরোধিতা করে খবরের শিরোনামে আসেন প্রাক্তন নির্বাচন কমিশনার অশোক লাভাসা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ১৩ই অক্টোবর যুগ্ম আহ্বায়ক বিকাশ রঞ্জন ও জহর সরকারের ডাকে কলামন্দিরের ভোট প্রক্রিয়াকে ক্লেদমুক্ত করে ভোটাধিকারকে সুনিশ্চিত করার বিষয়টি সামনে রেখে ডাকা নাগরিক কনভেনশনে প্রকাশ রাজ ও অশোক লাভাসার উপস্থিত হওয়া নিঃসন্দেহে কনভেনশনের গুরুত্ব ও ওজন যথেষ্ট পরিমাণে বাড়িয়ে দেবে। তবে পিছনে বামপন্থী আবহ থাকলেও এই কর্মসূচি থেকে দলীয় মোড়ক সরিয়ে রেখে সামাজিক আধারে ফেলে দেওয়ার কৌশল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বস্তুত এই কনভেনশন সময়ের দাবি বলে মানছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *