*বাঁকিপুরে বিজেপির ৩০ বছরের দুর্গের পতন: প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়ে নেপথ্যে ‘জেন-জি’ (Gen Z) আন্দোলন!*
প্রতীক চ্যাটার্জী, রঙ নিউজ
বিহারের রাজনীতিতে এক বিরাট রদবদল! তিন দশকেরও বেশি সময় ধরে বিজেপির (BJP) অভেদ্য দুর্গ বলে পরিচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে ঐতিহাসিক জয় পেলেন ‘জন সুরাজ পার্টি’ (JSP)-র প্রতিষ্ঠাতা ও ভোটকুশলী প্রশান্ত কিশোর। তবে কি এই নির্বাচন প্রমাণ করে দিল যে, প্রচলিত জাতপাতের রাজনীতির বাইরে গিয়ে দেশজুড়ে চলা সাম্প্রতিক ‘জেন-জি’ (Gen Z) বা ছাত্র আন্দোলন ব্যালট বাক্সে কতটা প্রভাব ফেলতে পারে!
বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোর বিজেপির প্রার্থী নীরজ কুমার সিনহাকে প্রায় ১৯,৩২৪ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
প্রশান্ত কিশোর (JSP): প্রায় ৬৪,১৫১ ভোট (৪৯.২%)
নীরজ কুমার সিনহা (BJP): প্রায় ৪৪,৮২৭ ভোট (৩৪.৪%)
রেখা কুমারী (RJD): প্রায় ১৪,২৭৩ ভোট (তৃতীয় স্থান)
১৯৯৫ সাল থেকে বাঁকিপুর আসনটি বিজেপির একচ্ছত্র দখলে ছিল। বর্তমান বিজেপি সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন স্বয়ং এই কেন্দ্র থেকে টানা চারবার বিপুল ভোটে জিতেছিলেন। তাঁর ছেড়ে দেওয়া আসনেই এবার বিজেপির পরাজয় দলের অন্দরে বড়সড় ধাক্কা। গত বছর বিহার বিধানসভা নির্বাচনে ২৩৮টি আসনে লড়ে জন সুরাজ পার্টি একটিও আসন পায়নি, এমনকি ২৩৬টি আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছিল। মাত্র ৯ মাসের ব্যবধানে সেই দল শুধু খাতা খুলল না, প্রশান্ত কিশোর নিজের প্রথম রাজনৈতিক লড়াইয়েই বাজিমাৎ করলেন।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই উপনির্বাচনটি নিছক কোনও দলের হার-জিত নয়, বরং এটি তরুণ প্রজন্মের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ।
সাম্প্রতিক সময়ে বারবার পরীক্ষার পেপার ফাঁস, ইউজিসি (UGC) গাইডলাইন নিয়ে বিতর্ক এবং ভরত তিওয়ারি এনকাউন্টার নিয়ে বিহারের যুবসমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। দেশব্যাপী ‘জেন-জি’ ছাত্র আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে বাঁকিপুরেও।
তবে কি তরুণ ভোটাররা চিরাচরিত প্রতিশ্রুতি ও বিনামূল্যে রেশনের রাজনীতির বদলে শিক্ষা, কর্মসংস্থান ও উন্নয়নের দিকে জোর দিয়েছেন! প্রশান্ত কিশোর তাঁর প্রচারের কেন্দ্রবিন্দুতেই রেখেছিলেন ‘শিক্ষা সংস্কার’। তাঁর শিক্ষিত ও পেশাদার ভাবমূর্তি শহুরে তরুণ ভোটারদের কাছে একটি বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে উঠে এসেছে তার প্রকাশ ফলাফলে স্পষ্ট তা বলাই বাহুল্য।
এই উপনির্বাচন বিজেপির জন্য যেমন একটি সতর্কবার্তা, তেমনই বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এক নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত। বিহারের রাজনীতি আর কেবল এনডিএ (NDA) বনাম মহাগঠবন্ধনের (RJD-কংগ্রেস) মধ্যে সীমাবদ্ধ নেই। প্রশান্ত কিশোরের দল একটি শক্তিশালী তৃতীয় বিকল্প হিসেবে উঠে আসছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
