ছররার আঘাতে চিতার মৃত্যু কুনোয়
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
ছররা বন্দুকের গুলিতে মৃত্যু হলো একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘের। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেও তাকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা। সূত্রের খবর, মঙ্গলবার গুরুতর আহত অবস্থায় মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে কেএনজি ২২ নামের ১৯ মাস বয়সী পুরুষ চিতাটিকে উদ্ধার করেন বনকর্মীরা। দ্রুত সেটিকে জব্বলপুরের নানাজি দেশমুখ পশুবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেলে এক্সরে করে তার শরীরে বিঁধে থাকা পাঁচটি ছররা বন্দুকের গুলি লক্ষ্য করেন পশু চিকিৎসকরা। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেও তাকে বাঁচাতে পারা যায়নি। ঘটনার পিছনে চোরাশিকারিদের হাত আছে কিনা তা খতিয়ে দেখতে বনবিভাগের সঙ্গে তদন্তে নেমেছে পুলিশ।

অন্যদিকে কুনো জাতীয় উদ্যানেই একসঙ্গে পাঁচটি শাবকের জন্ম দিয়েছে কেজেপি ২১ নামের একটি ৩২ মাস বয়সী স্ত্রী চিতা। বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, মা ও শিশুরা সকলেই সুস্থ আছে। বনবিভাগ সূত্রে আরও জানা গিয়েছে, এই নিয়ে ভারতে চিতার সংখ্যা দাঁড়াল মোট ৬০। চিতা শাবকের জন্মের খবরে খুশি হয়ে বনবিভাগকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব।
