নরখাদক পাকড়াও উগান্ডায়
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
মানুষকে খুন করে তাদের মাংস খাওয়ার অপরাধে এক নরখাদকের দেখা মিলল আফ্রিকার উগান্ডায়। সূত্রের খবর, ধৃতের নাম মুজুরিজি মোজেস। তার বিরুদ্ধে গত ১৫ বছরে অন্ততঃ ৩৮ জনকে মেরে তাদের মাংস খাওয়ার গুরুতর অভিযোগ রয়েছে।
একসময় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ হিসাবে পরিচিত আফ্রিকার বিভিন্ন অরণ্যে নরখাদকের খবর পাওয়া গিয়েছে। একবিংশ শতাব্দীতে এমন ঘটনা কিছুটা বিরল বলে মনে করছে সে দেশের প্রশাসনিক মহল। সূত্রের দাবি, ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে অভিযুক্ত মুজুরিজি মোজেস বিভিন্ন মানুষের ঘরে ঢুকে ধারালো অস্ত্রের সাহায্যে তাদের কুপিয়ে খুন করে। পরে তাদের মাংস খায়। মৃতদের মধ্যে একজন খ্রিষ্টান ধর্মযাজকও রয়েছেন বলে জানা গিয়েছে। উগান্ডা সেনাবাহিনীর সর্বোচ্চ প্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা ঘটনার কথা স্বীকার করে জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে অন্ততঃ ৩৮ জনকে মেরে তাদের খাওয়ার অভিযোগ রয়েছে। ধৃতকে প্রশাসনিক হেফাজতে রেখে জেরা করে তদন্ত চলছে। অভিযুক্তের প্রাণদণ্ডের আদেশ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

