কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকান্ড মল্লিকবাজারে
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
ফের অগ্নিকান্ড শহরে।বুধবার সকালে কলকাতার মল্লিকবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কাপড়ের গুদাম। ঘিঞ্জি এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দফায় দফায় লড়াই চালাচ্ছে দমকলের ৫টি ফায়ার ইঞ্জিন। কোনোও হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে আগুন লাগার ঘটনা ঘটে মল্লিকবাজার এলাকার মধুসূদন মার্কেটের একটি তিনতলা বাড়ির একতলায় থাকা একটি কাপড়ের গুদামে। কাপড় ছাড়াও দাহ্য পদার্থ থাকায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। দাউদাউ করে আগুন জ্বলতে থাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্কে আশেপাশের দোকান, বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন এলাকাবাসী। অনেকের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের ২টি ফায়ার ইঞ্জিন। উপস্থিত হয় স্থানীয় থানার পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনতে আরও ৩টি ফায়ার ইঞ্জিন আসে। ব্যস্ত রাজপথে যানজট শুরু হয়ে যায়। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
