ডিলিমিটেশন বিল ঘিরে বিরোধী জোটে ফাটল
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
কালচারাল কো-অর্ডিনেটর
রঙ নিউজ
সোমবার সংসদে পেশ হতে পারে ডিলিমিটেশন বা লোকসভা আসন পুনর্বিন্যাস বিল। তার আগেই বিলের সমর্থনে রাজনৈতিক সমীকরণে বদল আসতে শুরু করেছে। কংগ্রেসের অবস্থান থেকে সরে এসে ডিএমকে-র ২২ জন সাংসদ বিলটিকে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন। শনিবার দলীয় বৈঠকের পর ডিএমকে-র তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সূত্রের খবর, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের দুটি দাবি—লোকসভায় রাজ্যের ৭.১৮ শতাংশ প্রতিনিধিত্ব বজায় রাখা এবং ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে আসন বণ্টনের ব্যবস্থা আরও ২৫ বছর বহাল রাখা—মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে কেন্দ্র।
অন্যদিকে, শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (এসপি)-ও বিল সমর্থনের সিদ্ধান্ত জানিয়েছে। দলের নেতা জিতেন্দ্র আওহাদের বক্তব্য, আসন পুনর্বিন্যাস একটি সাংবিধানিক প্রক্রিয়া। ফলে বিরোধী ইন্ডি জোটের ঐক্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
সংবিধান সংশোধনী বিল পাশ করাতে সংসদে দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন। সেই কারণেই ডিএমকে-র ২২ জন সাংসদের অবস্থান কেন্দ্রের কাছে গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে আগের ১৩১তম সংবিধান সংশোধনী বিলের বিরোধিতা করেছিল ডিএমকে-সহ বিরোধীরা।
এদিকে, মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে ইন্ডি জোটের বৈঠকে কংগ্রেস, তৃণমূল, আরজেডি, সিপিআই, সমাজবাদী পার্টি, মুসলিম লিগ-সহ একাধিক দলের নেতারা উপস্থিত থাকলেও এনসিপি (এসপি)-র অনুপস্থিতি বিশেষ তাৎপর্য পেয়েছে। বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, প্রিয়াঙ্কা গান্ধী, গৌরব গগৈ-সহ একাধিক নেতা যোগ দেন। এনসিপি নেতৃত্ব আগেই বৈঠকে না থাকার কথা জানিয়েছিল। পাশাপাশি আরজেডি ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার অবস্থান নিয়েও জল্পনা রয়েছে।
সব মিলিয়ে সংসদে ডিলিমিটেশন বিল পেশের আগেই বিরোধী শিবিরে মতপার্থক্য স্পষ্ট। এখন নজর সংসদে বিলের সমর্থনে শেষ পর্যন্ত কোন দল কী অবস্থান নেয়।
