দেশের প্রথম মহিলা টপ গান ফাইটার পাইলট হলেন ভাবনা কান্ত
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
নারীশক্তির জয় অব্যাহত। দেশের প্রথম মহিলা ‘টপ গান ফাইটার পাইলট’ হয়ে নজির গড়লেন ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন লিডার ভাবনা কান্ত। আকাশ যুদ্ধে জটিল ও চরম ঝুঁকিপূর্ণ মিশনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বায়ুসেনার প্রথম সারির যুদ্ধ কৌশল বিশেষজ্ঞ হিসাবেও নজির গড়লেন তিনি। আর ভাবনা কান্তের হাত ধরেই ফের একবার নয়া সাফল্যের পালক যোগ হলো বায়ুসেনার টুপিতে।
২০১৬ সালে ভারতীয় বায়ুসেনায় ফাইটার পাইলট হিসাবে যোগ দেন বিহারের দ্বারভাঙা জেলার ইঞ্জিনিয়ারিংএর ছাত্রী ভাবনা কান্ত। যুদ্ধবিমান চালানো শুরু করেন মিগ ২১ বাইসন দিয়ে। ২০১৯য়ে যোগ দেন বায়ুসেনার কমব্যাট মিশনে। বর্তমানে তিনি উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান সুখোই ৩০ এমকেআই ফাইটার জেট পাইলট। ২০২১ ও ২০২৪ সালে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে মহিলা অফিসার হিসাবে বায়ুসেনাকে নেতৃত্ব দেন ভাবনা কান্ত।
বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, টপ গান ফাইটার পাইলটের ২০ সপ্তাহের কঠিনতম প্রশিক্ষণের জন্য অভিজ্ঞ ও কুশলী পাইলটদের মধ্যে থেকে বেছে নেওয়া হয়। প্রশিক্ষণ পর্বে থাকেন বায়ুসেনার প্রবীণ ও অভিজ্ঞ পাইলটরা। কঠোর, কঠিন বাছাইপর্বে দুর্দান্ত ফল করে গোয়ালিয়রে বায়ুসেনার ট্যাকটিক্স এন্ড এয়ার কমব্যাট ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্টে প্রশিক্ষণের জন্য ডাক পান ভাবনা। প্রশিক্ষণে আকাশ থেকে আকাশ, আকাশ থেকে ভূমি যুদ্ধের পাশাপাশি বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে বিশেষজ্ঞ হয়ে আকাশ যুদ্ধে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা প্রমাণ করে প্রথম মহিলা যুদ্ধবিমান পাইলট হিসাবে গৌরবময় সাফল্য অর্জন করেন তিনি।

আকাশ কত বড়ো। ভাবনারা সেখানে শক্তিশালী ডানায় সাফল্যের সঙ্গে অবাধ বিচরণ করেন।
