ভারত গৌরবে সপ্ত জ্যোতির্লিঙ্গ

ভারত গৌরবে সপ্ত জ্যোতির্লিঙ্গ

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

তীর্থযাত্রীদের জন্য সুখবর। ভারত গৌরব ট্রেনে ১০ রাত ও ১১ দিনের সফরে একসঙ্গে সাতটি প্রসিদ্ধ শিবক্ষেত্রের জ্যোতির্লিঙ্গ দর্শনের আয়োজন করছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি। ট্রেনযাত্রার পাশাপাশি হোটেলে থাকা, খাওয়া, শীতাতপনিয়ন্ত্রিত বাসে স্থানীয় দ্রষ্টব্য ভ্রমণ, প্রবেশমূল্য, সফর বিমার সুবিধাও থাকছে এই সফরসূচিতে। গোটা যাত্রায় যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সম্পর্কেও নিশ্চিত করা হয়েছে সংস্থার পক্ষ থেকে।

আইআরসিটিসি সূত্রে জানা গিয়েছে, ২৫শে সেপ্টেম্বর দিল্লির সফদরজঙ্গ স্টেশন থেকে আগাম নথিভুক্ত ১৫০ তীর্থযাত্রীদের নিয়ে রওয়ানা হবে ভারত গৌরব। ১ম শ্রেণীর বাতানুকূল কুপ ও কেবিন, বাতানুকূল টু টায়ার ও থ্রি টায়ারে যাত্রার ব্যবস্থা। এছাড়াও রয়েছে সাধারণ স্লিপার কোচের ব্যবস্থাও। খরচ টু টায়ারে জনপ্রতি ৪৮,৫০০ থেকে ৫৪,৩৯০ টাকা, থ্রি টায়ারে ৩৬,৫৬০ থেকে ৪০,৪৯০ ও স্লিপারে ২২,৭৫০ থেকে ২৪,১০০ টাকা। ১ম শ্রেণীর কুপ ও কেবিনে জনপ্রতি খরচ সর্বোচ্চ ৮৮,০০০ টাকা। আইআরসিটিসির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ সফরে মধ্যপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্রের মধ্যে মহাকালেশ্বর, ওঙ্কারেশ্বর, নাগেশ্বর, সোমনাথ, ভীমাশঙ্কর, ঘৃষ্ণেশ্বর ও ত্রম্বকেশ্বরের মতো সাতটি জ্যোতির্লিঙ্গ দর্শনের সুযোগ পাবেন শিবভক্তরা। আরও জানা গিয়েছে, দিল্লি থেকে ট্রেন প্রথমে আসবে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে। সেখানে মহাকালেশ্বর ও ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের সঙ্গে মহাকালেশ্বর মন্দিরে ভস্মারতি, রামঘাটে সন্ধ্যারতি দর্শনের সুযোগ পাবেন শিবভক্তরা। এরপর গুজরাটের দ্বারকায় দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ গোবিন্দজি মন্দির, রুক্মিণীদেবী মন্দির, বেট দ্বারকা সহ জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর, ভেরাবলে সোমনাথ জ্যোতির্লিঙ্গের পাশাপাশি দর্শন করা যাবে শ্রীকৃষ্ণের দেহোৎসর্গ মন্দির প্রভাসের ভালকা তীর্থ। গুজরাট থেকে ট্রেন প্রবেশ করবে মহারাষ্ট্রের পূণেতে। সেখানে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ দর্শনের পাশাপাশি সাবেক ঔরঙ্গাবাদ অধুনা ছত্রপতি সম্ভাজিনগরে ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গের সঙ্গে বিশেষ করে ইলোরার কৈলাশ মন্দির দর্শন করতে পারবেন তীর্থযাত্রীরা। সেখান থেকে নাসিকে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ ও রামায়ণের পঞ্চবটী দর্শন সেরে দিল্লি ফিরে শেষ হবে যাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *