নেতাজি সেবাকেন্দ্র চালুর নির্দেশ মুখ্যমন্ত্রীর
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
দেরিতে হলেও নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে চলা বিতর্কের ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়ল পশ্চিমবঙ্গ সরকার। অবিলম্বে রাজ্যের সমস্ত নির্বাচিত বিধায়কদের নিজ নিজ বিধানসভা এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে সেবাকেন্দ্র চালু করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সেবাকেন্দ্রের নাম ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবাকেন্দ্র’ দিতে হবে বলে কড়া নির্দেশ দেন তিনি। এছাড়াও সেবাকেন্দ্রের মধ্যে নির্দিষ্ট স্থানে নেতাজির ধুতি পাঞ্জাবি পরিহিত বিশেষ ছবি রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, সেবাকেন্দ্রের মূল লক্ষ্য জনসেবা। সাধারণ মানুষের সহায়তা ও সামাজিক কল্যাণমূলক কাজ পরিচালনার লক্ষ্যে শুরু হবে এই বিশেষ সেবাকেন্দ্র।

চলতি সময়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে চরম বিতর্কিত মন্তব্য করেন গ্রেটার কোচবিহার পিপলস্ এসোসিয়েশনের শীর্ষ নেতা তথা রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। সুভাষচন্দ্রের দেশপ্রেম, স্বাধীনতা সংগ্রাম নিয়ে কটাক্ষ করেন তিনি। বাঙালি জনমানসে তার তীব্র প্রভাব পড়ে। রীতিমতো শোরগোল পড়ে যায় চারদিকে। ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ সহ বিভিন্ন সামাজিক সংগঠন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে পথে নেমে প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেস। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজির মূর্তিতে মালা পরিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে তুলে দেন মমতা। বিষয়টি বেশ খানিকটা ব্যাকফুটে ঠেলে দেয় বিজেপিকে। অস্বস্তিতে পড়ে গেরুয়া শিবির। বিতর্কের জল অনেকদূর গড়াতে তড়িঘড়ি নড়েচড়ে বসে রাজ্যের নব নির্বাচিত বিজেপি সরকার। ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়তে হয় খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। তাঁর সাফ কথা, নেতাজি সুভাষচন্দ্র বসুর অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বাঙালি অস্মিতার কথা মাথায় রেখে বিধায়কদের নিজ এলাকায় সেবাকেন্দ্রে নেতাজির ধুতি পাঞ্জাবি পরা ছবি রাখার নির্দেশ দেন তিনি। জনসেবার জন্যে প্রতিটি বিধানসভা এলাকায় মাসে ৩০,০০০ টাকা করে বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।