কড়া হঁশিয়ারির মুখে ল্যান্সডাউন মার্কেট–সৌজন্যে পৌরসভা
অমিতাভ গঙ্গোপাধ্যায় , রঙ নিউজ
দক্ষিণ কলকাতার সুপ্রাচীন বাজার যা আগে ছিল ‘নতুন বাজার’নামে বর্তমানে ল্যান্সডাউন বাজার। সেই বাজারেই আচমকাই পরিদর্শনে এলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ফুটপাত দখল করে ব্যবসা এখানে দীর্ঘদিন ধরেই চলছে। অভিযোগ খতিয়ে দেখতে আসেন মন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন ভবানীপুর থানার ও পুরসভার উচ্চ আধিকারিকরা। ফুটপাত দখলদারী হকার ও ব্যাবসায়ীদের উদ্দেশ্যে এ বিষয়ে স্পষ্ট হঁশিয়ারি দেন মন্ত্রী। তিনি পরিষ্কার জানিয়েছেন ফুটপাত দখল করে ব্যাবসা চালানো যাবে না।
প্রতিটি দোকান ঘুরে দোকনীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। নির্দিষ্ট সময় দিয়ে তিনি বলেন মালপত্র না সরালে, থানা থেকে ছোট হাতি (ম্যাটাডোর) এনে সমস্ত জিনিস পত্র তুলে নিয়ে যাওয়া হবে। আগামী ২৪ঘন্টার মধ্যে যেন ফুটপাত খালি করে দেওয়া হয়।
অস্থায়ী দোকানগুলির উপর ত্রিপল-চটের ছাউনি দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। অগ্নিকাণ্ডের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন ” একবার আগুন লাগলে তো দাউ দাউ করে সারা আগুন ছড়িয়ে পড়বে। সব জায়গায় তো ঘিরে রেখেছে”। আশপাশের বেআইনি পার্কিং নিয়েও প্রবল ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নির্দিষ্ট সময়ে হকাররা ফুটপাত খালি না করলে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার বার্তা দেওয়ায় এখন ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
