‘হাজার ডলার লাগত!’ ওড়িশার চিকিৎসায় মুগ্ধ মার্কিন

‘হাজার ডলার লাগত!’ ওড়িশার চিকিৎসায় মুগ্ধ মার্কিন

 

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

কালচারাল কো-অর্ডিনেটর

রঙ নিউজ

 

বিদেশের ঝাঁ-চকচকে হাসপাতালের বিপরীতে প্রত্যন্ত ভারতের একটি সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা যে এক মার্কিন পর্যটককে এতটা মুগ্ধ করতে পারে, তারই নজির মিলল ওড়িশার নবরংপুরে। ওড়িশা ভ্রমণে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন এক মার্কিন পর্যটক। তাঁকে নিয়ে যাওয়া হয় নবরংপুর জেলার পুজারিগুড়া হাসপাতাল। সেখানেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ব্যবহার, দ্রুত চিকিৎসা এবং সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পেয়ে রীতিমতো অভিভূত হয়ে পড়েন তিনি।

 

অসুস্থ অবস্থায় হাসপাতালে পৌঁছনোর পর তাঁর চিকিৎসা শুরু হয় দ্রুত। প্রয়োজনীয় স্যালাইন ড্রিপ, ইনজেকশন-সহ যাবতীয় চিকিৎসা পরিষেবা দেওয়া হয় তাঁকে। শুধু চিকিৎসাই নয়, হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক ব্যবহারও তাঁর মন ছুঁয়ে যায়। সবচেয়ে বেশি বিস্মিত হন চিকিৎসার জন্য কোনও অর্থ না নেওয়ায়।

 

মার্কিন পর্যটকের কথায়, নিজের দেশে এই ধরনের চিকিৎসার জন্য তাঁকে হাজার হাজার ডলার খরচ করতে হতে পারত। অথচ ওড়িশার এই সরকারি হাসপাতালে এত দ্রুত, যত্নসহকারে এবং সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া তাঁর কাছে ছিল একেবারেই অকল্পনীয়।

 

পুজারিগুড়া হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করে তিনি জানান, বিদেশি পর্যটক হিসেবে এমন পরিষেবা পাওয়ার অভিজ্ঞতা তাঁর কাছে অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে।

 

ঘটনাটি যেন আরও একবার মনে করিয়ে দিল—উন্নত চিকিৎসা পরিষেবার অর্থ সবসময় বিপুল খরচ নয়। কখনও কখনও মানুষের পাশে দাঁড়ানোর আন্তরিকতা, দায়িত্ববোধ এবং সরকারি স্বাস্থ্যব্যবস্থার মানবিক মুখই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় পরিচয়। নবরংপুরের পুজারিগুড়া হাসপাতালের এই পরিষেবায় মুগ্ধ এক বিদেশির প্রশংসা সেই বার্তাই যেন আরও একবার সামনে এনে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *