জন্মশতবর্ষে আসছে ‘উত্তম দ্য মহানায়ক’
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
জন্মশতবর্ষে বাংলা চলচ্চিত্রের সর্বকালের জনপ্রিয় শিল্পী তথা বাঙালির ম্যাটিনি আইডল উত্তমকুমারের ৮০টি ছবির পোস্টার সহ দুর্লভ সব স্মারক নিয়ে উত্তম দ্য মহানায়ক নামের অভিনব প্রদর্শনীর আয়োজন হচ্ছে কলকাতার আইসিসিআরের যামিনী রায় গ্যালারিতে।আয়োজক সূত্রে জানা গিয়েছে, ২০ থেকে ২৪শে অগস্ট দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত চলা এই বিশেষ প্রদর্শনীতে থাকবে উত্তমকুমার অভিনীত ও প্রযোজিত বসু পরিবার, পুনর্মিলন, পুত্রবধূ, মন্ত্রশক্তি, হ্রদ, দেবত্র, শঙ্কর নারায়ণ ব্যাঙ্ক, প্রিয় বান্ধবী, শাপমোচন, সাগরিকা, নায়ক, অমানুষ প্রভৃতি ৮০টি ছবির পোস্টার ও ১০০টি বুকলেট। থাকছে উত্তমকুমার অভিনীত ও প্রযোজিত হিন্দি ছবি ছোটি সি মুলাকাত ও ওড়িয়া হরফে বন্দী ছবির বিশেষ পোস্টার। এছাড়াও এই প্রদর্শনীতে থাকছে লবি কার্ড, গানের বই, রেকর্ড, ফিল্ম স্টিল, ছবি, বিজ্ঞাপন সহ তৎকালীন বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদন। মানুষ বাংলা চলচ্চিত্রের বিষয়ে সচেতন ও আগ্রহী হবেন বলে আশাবাদী আয়োজকরা।

বাস্তবিক উত্তমকুমার শুধুমাত্র বাংলা চলচ্চিত্রের একটি বিশেষ নাম নয় বরং বাঙালির আবেগ, ভালোবাসা, সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক স্বপ্নিল অধ্যায় যিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে জনপ্রিয়। বঙ্গললনার হার্টথ্রব, আটপৌরে আদ্যন্ত বাঙালি উত্তমকুমার বরাবরই বাঙালির হিরো। ফলে তাঁর ছবির বিষয়ে এই স্মারক সংগ্রহে মানুষের আগ্রহ যে বাড়বে তা বলাই বাহুল্য।আয়োজকদের তরফে বিশিষ্ট পোস্টার সংগ্রাহক সুদীপ্ত চন্দ বলেন, উত্তমকুমারের ওপর হতে চলা এই প্রদর্শনী কোনোও সাধারণ প্রদর্শনী ভাবলে ভুল হবে। বস্তুত এটি বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার বিশেষ উদ্যোগ। তিনি আরও বলেন, উত্তমকুমারের সিনেমার পর্দার বাইরে জনপ্রিয়তা, ছবির প্রচারের ইতিহাস তথা চলচ্চিত্র সংস্কৃতির অমূল্য স্মৃতি আলেখ্য হতে চলেছে এই প্রদর্শনী।

নায়ক অনেকেই। কিন্তু মহানায়ক একজনই। ফ্রেমের বাইরে নস্টালজিক হয়ে হয়তো সেই স্বপ্নের মহানায়ককে একটিবার ছুঁয়ে যাওয়া!