হাওড়ায় বহুতলে অগ্নিকাণ্ডে মৃত ১, আহত একাধিক

হাওড়ায় বহুতলে অগ্নিকাণ্ডে মৃত ১, আহত একাধিক

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘরে আটকে থাকা অবস্থায় আগুনে পুড়ে এক ৭২ বছরের বৃদ্ধার মৃত্যুর পাশাপাশি একাধিক বাসিন্দার আগুনে ঝলসে গুরুতর আহত হওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য হাওড়ার মৌড়িগ্রামে। সূত্রের খবর, বুধবার সকালে আগুন লাগে মৌড়িগ্রামের আমতলা এলাকার একটি বহুতল আবাসনে। আবাসনটি আন্দুল রোডের কাছে। স্থানীয়দের কথায়, প্রথমে চারতলার একটি ফ্ল্যাটে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে একের পর এক ফ্ল্যাটে। দাউদাউ করে জ্বলা আগুনের ফলে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল ও স্থানীয় থানার পুলিশ। দমকলের ৩টি ফায়ার ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ ও দমকলের মিলিত প্রচেষ্টায় আবাসনের গায়ে ল্যাডার লাগিয়ে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করেন দমকলকর্মীরা। আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ৭২ বছরের বৃদ্ধা গোপা চক্রবর্তীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দমকলের অভিযোগ, আবাসনের অগ্নিনির্বাপক ব্যবস্থা যথাযথ ছিল না। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের ফলেই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্তে নেমেছে হাওড়া সিটি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *