*আবারো বঙ্গোপসাগরে নিম্নচাপ;ফের চোখ রাঙানি নিম্নচপের*
নবনীতা পাল; রঙ নিউজ
সকাল থেকেই আকাশের মুখ উজ্জ্বল থাকলেও বেলা বাড়তেই বদলাচ্ছে আবহাওয়া। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে একাধিক জেলা। শুক্রবার কেমন থাকবে আবহাওয়া? কি বলছে আলিপুর আবহাওয়া দফতর?
আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টা নাগাদ বাংলাদেশের উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হয়। অন্যদিকে, হরিয়ানা, জম্মু ও এলাহাবাদ হয়ে একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকার দিকে। ফলে দুই আবহাওয়া ব্যবস্থার প্রভাবে বাংলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
কলকাতায় শুক্রবার সারাদিন আকাশ মূলত মেঘলা থাকতে পারে। শহরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।
আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকার সম্ভাবনা রয়েছে কলকাতায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় ৯৬ শতাংশের কাছাকাছি থাকতে পারে। ফলে বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের অস্বস্তি পুরোপুরি কাটার সম্ভাবনা কম।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শুক্রবার তুলনামূলক বেশি নজর থাকবে পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার দিকে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।
