চা শ্রমিকদের জন্য ৩১২ কোটি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
কালচারাল কো-অর্ডিনেটর
রঙ নিউজ
উত্তরবঙ্গের চা-বলয়ে বড় ঘোষণা। ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা’-য় রাজ্যের পাঠানো ৩১২ কোটি টাকার প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্র। ১০০ শতাংশ কেন্দ্রীয় অর্থে পাহাড়, তরাই ও ডুয়ার্সের চা-বাগানে হবে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান উন্নয়নের কাজ।
এই টাকায় চা-শ্রমিকদের সন্তানদের আবাসিক স্কুল ও হোস্টেল আধুনিকীকরণ, বড় বাগানগুলিতে মোবাইল মেডিকেল ইউনিট ও স্থায়ী স্বাস্থ্যকেন্দ্র তৈরি এবং দক্ষতা উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থানের প্রশিক্ষণ দেওয়া হবে। উপকৃত হবেন উত্তরবঙ্গের ৩ লক্ষেরও বেশি চা-শ্রমিক পরিবার।

দীর্ঘদিনের শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোর ঘাটতি মেটাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে তরাই-ডুয়ার্সে কেন্দ্র-রাজ্য সহযোগিতার নতুন দৃষ্টান্ত তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
এর আগে কালিম্পং সফরে চা-শ্রমিকদের ২০ শতাংশ বোনাস ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ৫ অক্টোবরের মধ্যে, পুজোর আগেই, পুরো টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। পাহাড় ও সমতলে এবারই প্রথম সমহারে ২০ শতাংশ বোনাস।
পাশাপাশি বন্ধ পাহাড়ি চা-বাগান দ্রুত চালুর উদ্যোগের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও আর্থিক সহায়তায় উত্তরবঙ্গের চা-বলয়ে বদলের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

