ধেয়ে আসছে ‘অর্ণব’

ধেয়ে আসছে ‘অর্ণব’

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় অর্ণব। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তবে সরাসরি পশ্চিমবঙ্গে আছড়ে না পড়লেও বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের হাত ধরে প্রবল ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার পাশাপাশি ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

 

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি একটি নিম্নচাপ পরিণত হচ্ছে গভীর নিম্নচাপে। তার হাত ধরে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় অর্ণব। আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, ওড়িশার গোপালপুর থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে বাংলাদেশের দেওয়া নাম ঘূর্ণিঝড় অর্ণব। গভীর নিম্নচাপের হাত ধরে ক্রমশঃ শক্তি বাড়াচ্ছে সেটি। এর ফলে মঙ্গলবার সকাল থেকেই কলকাতা, হাওড়া, হুগলি সহ দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। বুধবার গভীর রাতে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলীয় অঞ্চলে প্রবেশ করবে অর্ণব। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ও ওড়িশার গোপালপুরের মাঝামাঝি আছড়ে পড়বে ঘূর্ণিঝড় অর্ণব। এর জেরে বুধ ও বৃহস্পতিবার দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরের উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়ার পাশাপাশি ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে অন্যান্য জেলাতেও। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎসজীবিদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি রাজ্য প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। যে কোনও রকম খারাপ পরিস্থিতি সামাল দিতে তৈরি থাকতে বলা হয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দলকেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *