পুজোর আগেই আইএসএল বোধন, ডার্বি ২৯ নভেম্বর
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
কালচারাল কো-অর্ডিনেটর
রঙ নিউজ
পুজোর আগেই আইএসএলের ঢাকে কাঠি। ফেডারেশন প্রকাশ করল চলতি মরশুমের পূর্ণাঙ্গ সূচি। ১০ অক্টোবর শুরু আইএসএল, প্রথম পর্ব চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনী দিনেই থাকছে জোড়া ম্যাচ।
১২ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে অভিযান শুরু করবে মোহনবাগান—প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। ১৮ অক্টোবর চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের। গতবারের চ্যাম্পিয়ন লাল-হলুদ এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২-এ খেলছে। তাই দ্বিতীয় রাউন্ড থেকে আইএসএলে নামবে তারা। ১৩ অক্টোবর যুবভারতীতে আল সোর্তার ম্যাচ থাকায় মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচের সূচি হয়েছে বলেই মনে করা হচ্ছে।
নভেম্বরে থাকছে দু’সপ্তাহের আন্তর্জাতিক বিরতি। ২৪ নভেম্বর ইম্ফলের খুমান লাম্পাক স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেড মুখোমুখি হবে স্পোর্টিং ক্লাব দিল্লির। আর কলকাতা ফুটবলের বহু প্রতীক্ষিত প্রথম লেগের ডার্বি ২৯ নভেম্বর।
