AI-এর অপব্যবহার ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে, সতর্কবার্তা বিল গেটসের
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
কালচারাল কো-অর্ডিনেটর
রঙ নিউজ
কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে—এবার এমনই সতর্কবার্তা মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের। NBC News-এর ‘Meet the Press’-এ গেটস বলেন, AI এমন ঘটনার নেপথ্যে থাকতে পারে যাতে ১০০ কোটি মানুষের মৃত্যু ঘটতে পারে। বিশেষত অসৎ উদ্দেশ্যসম্পন্ন মানুষের হাতে অত্যাধুনিক AI চলে গেলে বিপদের মাত্রা নজিরবিহীন হতে পারে বলে আশঙ্কা তাঁর।
গেটসের স্পষ্ট বক্তব্য, AI সংস্থাগুলির স্বনিয়ন্ত্রণ যথেষ্ট নয়। আইনপ্রণেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে যুক্ত করে নিরাপত্তা ও নজরদারির বাধ্যতামূলক ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন তিনি। তাঁর মতে, এতে শিল্পক্ষেত্রে কিছু বাড়তি দায়িত্ব ও খরচ তৈরি হলেও AI উন্নয়নের গতি উল্লেখযোগ্যভাবে থমকে যাবে না।
এদিকে AI-ঝুঁকি নিয়ে সতর্ক করেছে ব্রিটেনের Alan Turing Institute-ও। ২৩ সেপ্টেম্বর প্রকাশিত তাদের রিপোর্টে বলা হয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে মানুষের সব ধরনের বুদ্ধিবৃত্তিক কাজকে ছাপিয়ে যেতে পারে ‘সুপারইন্টেলিজেন্ট’ AI—ফলে মানব-নিয়ন্ত্রণ ও নজরদারি হারানোর বাস্তব ঝুঁকি তৈরি হতে পারে। সাইবার হামলা, গণতান্ত্রিক ব্যবস্থায় অস্থিরতা এবং রাসায়নিক ও জৈবিক হুমকির কথাও উল্লেখ করা হয়েছে।
এর মধ্যেই Anthropic-এর প্রাক্তন গবেষক জেকব কক্সন দাবি করেছেন, এই দশকের শেষেই AI মানবজাতির অস্তিত্বের জন্য বিপদ হয়ে উঠতে পারে। AI-এর গতি কমানো ও নিরাপত্তা জোরদারের পক্ষে ইতিমধ্যেই একাধিক প্রযুক্তি-নেতার বক্তব্য সামনে এসেছে। ফলে প্রশ্ন একটাই—AI-এর অভাবনীয় ক্ষমতার সঙ্গে তাল মিলিয়ে কি তার নিয়ন্ত্রণ ব্যবস্থাও তৈরি হচ্ছে?
