পুরীতে নিম্নচাপ, বৃষ্টির চোখরাঙানি বাংলায়
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
কালচারাল কো-অর্ডিনেটর
রঙ নিউজ
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। আইএমডি-র পূর্বাভাস, গভীর নিম্নচাপে পরিণত হয়ে ২৩ সেপ্টেম্বর রাত থেকে ২৪ সেপ্টেম্বর ভোরের মধ্যে বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যবর্তী উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে এই আবহাওয়া ব্যবস্থা। ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টায় পুরী থেকে প্রায় ২১০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল নিম্নচাপটি।
অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম ও বিজয়নগরমে জারি রেড অ্যালার্ট। ২৩-২৪ সেপ্টেম্বর একাধিক জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গ ও সিকিমেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। অরুণাচল, অসম, মেঘালয়, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, উত্তর-পূর্বের একাধিক রাজ্যেও ঝড়বৃষ্টির পূর্বাভাস।
রায়লসীমা ও তেলেঙ্গানায় শক্তিশালী ভূপৃষ্ঠের হাওয়া বইবে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিম আরব সাগর, শ্রীলঙ্কা উপকূল, উত্তর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরেও সমুদ্র উত্তাল থাকার সতর্কতা। কোথাও কোথাও ঘণ্টায় ৫৫-৬৫ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে।

