বাংলায় বিনিয়োগে আম্বানিদের আগ্রহ, শিল্পবান্ধব সরকারের বার্তা
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
কালচারাল কো-অর্ডিনেটর
রঙ নিউজ
রাইজিং ভারত সামিটের মঞ্চ থেকে রাজ্যের শিল্প ও বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, অনন্ত আম্বানি ও মুকেশ আম্বানি বাংলায় এসে বিনিয়োগ করবেন। ডেটা সেন্টার ও সেমিকন্ডাক্টর হাব তৈরির পরিকল্পনা রয়েছে তাঁদের।
উদ্যোগপতি ও শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর সরকার ‘প্রো-ইন্ডাস্ট্রি’ এবং তোলাবাজি বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন জায়গায় নিজে গিয়ে ভূমিপুজোয় যোগ দেওয়ার কথাও জানান তিনি। সরকার চার মাস পূর্ণ করার পর শিল্পপতিদের অভিজ্ঞতা কেমন, মঞ্চ থেকেই তাঁদের কাছে সেই প্রশ্ন রাখেন মুখ্যমন্ত্রী।
বক্তৃতার শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘গ্যারেন্টার’ এবং নিজেকে ‘ইমপ্লিমেন্টার’ বলে উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্য, দীর্ঘ সময় পর কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার এসেছে—বাংলার উন্নয়নের সামনে এটি বড় সুযোগ। প্রধানমন্ত্রীর দেওয়া উন্নয়নের গ্যারান্টি বাস্তবায়নই এখন তাঁদের লক্ষ্য।
এদিন তৃণমূল আমলের দুর্গাপুজোর কার্নিভাল নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, কার্নিভালের দিন রেড রোডে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিংহাসনে বসে থাকতেন, আর সামনে দিয়ে প্রতিমা যেত—তখন মনে হত, মা-ই যেন সিংহাসনে বসা একজন মানুষকে স্যালুট করছেন।
