বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের বড় আশা — নবম বাছাই পি. ভি. সিন্ধু, পঞ্চম স্থানে সাত্ত্বিক–চিরাগ
দেবপ্রিয়া বারিক : সিনিয়র রিপোর্টার : রঙ নিউজ
৬আগস্ট ২০২৬ :
নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলা BWF World Badminton Championships 2026-কে সামনে রেখে ভারতের ব্যাডমিন্টন শিবিরে বেড়েছে প্রত্যাশার পারদ। টুর্নামেন্টের আনুষ্ঠানিক বাছাই তালিকায় দুইবারের অলিম্পিক পদকজয়ী পি. ভি. সিন্ধু মহিলাদের এককে নবম বাছাই (Seed 9) হিসেবে স্থান পেয়েছেন। অন্যদিকে পুরুষদের দ্বৈতে ভারতের অন্যতম সফল জুটি সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি পেয়েছেন পঞ্চম বাছাই (Seed 5)।
সম্প্রতি আন্তর্জাতিক মঞ্চে আত্মবিশ্বাসী পারফরম্যান্সের পর সিন্ধুর সামনে এবার নতুন লক্ষ্য—নিজের সাফল্যের ঝুলিতে আরও একটি বিশ্বচ্যাম্পিয়নশিপ পদক যোগ করা। অন্যদিকে সাত্ত্বিক–চিরাগ জুটি গত কয়েক বছরে বিশ্বের সেরাদের বিরুদ্ধে ধারাবাহিক সাফল্য তুলে ধরে ভারতের ডাবলস ব্যাডমিন্টনের নতুন পরিচয় গড়ে তুলেছে। ঘরের মাটিতে তাঁদের ওপর থাকবে বিশেষ নজর।
ভারত এবার পাঁচটি বিভাগেই অংশ নিচ্ছে এবং চারটি বিভাগে অন্তত একটি করে বাছাইপ্রাপ্ত খেলোয়াড় বা জুটি রয়েছে। পুরুষদের এককে লক্ষ্য সেন রয়েছেন ১৪তম বাছাই, আর মিক্সড ডাবলসে ধ্রুব কাপিলা–তনিশা ক্রাস্তো জুটি পেয়েছে ১৫তম বাছাই। এই শক্তিশালী উপস্থিতি ভারতের পদক সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তুলেছে।
১৭ থেকে ২৩ আগস্ট নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। দেশের সমর্থকদের সামনে ভারতের তারকারা কতটা সাফল্য এনে দিতে পারেন, সেদিকেই এখন তাকিয়ে ক্রীড়াপ্রেমীরা। শক্তিশালী প্রতিপক্ষদের বিরুদ্ধে লড়াই কঠিন হলেও ঘরের কোর্টে ভারতীয় শাটলারদের আত্মবিশ্বাসই হতে পারে সবচেয়ে বড় অস্ত্র।
