মহাকরণের সংস্কার যাচ্ছে আদানির হাতে
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
পশ্চিমবঙ্গের রাজনীতি ও প্রশাসনের অন্যতম প্রতীক কলকাতার শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী ভবন মহাকরণ সংস্কারের বরাত পেতে পারে আদানি গোষ্ঠী। তবে ভবনের ঐতিহাসিক গুরুত্ব ও মূল কাঠামোর পরিবর্তন করা যাবে না বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। প্রশাসনিক সূত্রে আরও জানা গিয়েছে, ২৪শে সেপ্টেম্বর নিউ টাউনে আদানি গোষ্ঠীর তৈরি হাসপাতালের ভূমিপুজোর অনুষ্ঠানে আসছেন গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। সেদিনই মহাকরণের সংস্কারের বিষয়ে চূড়ান্ত ঘোষণা করা হতে পারে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে।
১৭৭৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরুণ আধিকারিকদের বাসস্থান হিসাবে তৈরি করা হয় মহাকরণ বা রাইটার্স বিল্ডিং। পরবর্তীতে আয়তনে বেড়ে প্রায় সাড়ে পাঁচ লক্ষ স্কোয়ার ফিটের হয় রাইটার্স। নবান্নের আগে পর্যন্ত রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন তথা ক্ষমতার মূল কেন্দ্র ছিল এই ঐতিহ্যবাহী রাইটার্স বিল্ডিং। বর্তমানে প্রাচীন এই ভবনের অবস্থা ভালো নয় দেখে তা সংস্কারের পথে হাঁটতে চলেছে নব নির্বাচিত রাজ্য সরকার। সূত্রের খবর, মহাকরণ সংস্কারের আগ্রহ প্রকাশ করে ইতিমধ্যেই পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার সহ পদস্থ আধিকারিকদের সঙ্গে রাইটার্স ঘুরে দেখেন আদানি গোষ্ঠীর প্রতিনিধিরা। ভবনের বর্তমান অবস্থা, কাঠামোগত সমস্যা ও সংস্কারের বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখেন তাঁরা। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাইটার্স বিল্ডিং রাজ্যের একটি গুরুত্বপূর্ণ হেরিটেজ স্থাপত্যের নিদর্শন। সংস্কারের নামে ভবনের ঐতিহাসিক চরিত্র, সম্মুখভাগ বা মূল কাঠামোগত স্থাপত্যশৈলীতে কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। বিশেষজ্ঞদের পরামর্শের পাশাপাশি হেরিটেজ বিধি মেনেই সংস্কার প্রকল্প বাস্তবায়িত হবে।
