যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য উত্তরপাড়ায়
শাশ্বতী মোদক রং নিউজ
বহুতলের ছাদ থেকে পড়ে যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য উত্তরপাড়া হিন্দমোটর অঞ্চলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি হিন্দমোটরের একটি আবাসনের পাঁচ তলার ছাদে গতকাল রাতে ঘুমিয়ে ছিলেন স্বরূপ নন্দ সাহু ও তার স্ত্রী কিরনবালা সাহু। রাত ১টা নাগাদ হঠাৎই ছাদ থেকে নিচে পড়ে যান যুবক। রক্তাক্ত অবস্থায় আবাসনের নিচে পড়ে থাকতে দেখা যায় তাকে। দ্রুত তাকে উদ্ধার করে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, ২০২৪ সালের ১৯ জুন স্বরূপের বিয়ে হয় কিরণ বালার সঙ্গে। বিয়ের সময় ঋণ করেন স্বরূপ।অনেক টাকা খরচ করেন।তিনি র্যাপিডোয় কাজ করতেন। স্থানীয় প্রাক্তন তৃনমূল কাউন্সিলর তাপস মুখোপাধ্যায় বলেন, পরিবারটি দেনায় জড়িয়ে গিয়েছিল বলে জানা গিয়েছে। কয়েকদিন আগে বিল না দিতে পারায় ফ্ল্যাটের বিদ্যুতের সংযোগ কেটে দিয়ে যায়। কাল রাতে ছাদে শুয়েছিল স্বামী স্ত্রী। আর্থিক কারণে বাড়িতে অশান্তি তার জেরে মানসিক অবসাদ ছিলো। ওই যুবক আত্মঘাতী হয়েছে না অন্য কোন কারণ আছে সেটা পুলিশ খতিয়ে দেখুক।
এই বিষয়ে প্রতিবেশী অসীম বারিক বলেন, ছেলেটি আমাদের চেনা। ও র্যাপিডো বাইক চালাতো।কীভাবে ছাদ থেকে পড়েছে সেটা জানি না। এই বাড়িতে ওরা স্বামী স্ত্রী আর ওর মা থাকত। বাবা বাইরে থাকেন। পুলিশ তদন্ত করে সত্য উদঘাটন করুক।
উত্তরপাড়া থানার পুলিশ আবাসনের নিচে যেখানে পরেছিল যুবক সেই জায়গাটি ঘিরে দিয়ে মৃত যুবকের মা ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করে।
মৃতদেহ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়না তদন্তে পাঠায় পুলিশ। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
