রেজিনগরে নির্দল প্রার্থী গ্রেফতার
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
কালচারাল কো-অর্ডিনেটর
রঙ নিউজ
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই ২৪ ঘণ্টার মধ্যে ফের প্রার্থী গ্রেফতার। এবার রেজিনগর উপনির্বাচনের নির্দল প্রার্থী সাইফুল ইসলাম মণ্ডল ওরফে মদনকে গ্রেফতার করল পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মুর্শিদাবাদের হরিহরপাড়ায় রাজ্য সড়কে নাকা তল্লাশির সময় সন্দেহজনক একটি গাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে দুটি আগ্নেয়াস্ত্র, কয়েক রাউন্ড গুলি এবং ৫০০ টাকার ১০৮টি জাল নোট উদ্ধারের দাবি পুলিশের। গাড়িতে থাকা সাইফুলকে গ্রেফতার করা হয়। পরে জানা যায়, তিনি রেজিনগরের নির্দল প্রার্থী।
সাইফুল আবার হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টির ব্লক সভাপতি। তাঁর গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলে হুমায়ুন বলেন, কেন গ্রেফতার করা হয়েছে তা জানতে তিনি নওদা থানায় যাবেন। তাঁর অভিযোগ, পুলিশই আদর্শ আচরণবিধি ভাঙছে। একইসঙ্গে অন্য এক নির্দল প্রার্থীর বাড়িতেও পুলিশ গিয়ে হুমকি দিয়েছে বলে দাবি তাঁর।
রেজিনগরে নিজের ছেলে গোলাম নবি আজাদকে প্রার্থী করেছেন হুমায়ুন। দলের নেতা হয়েও সাইফুল কেন নির্দল হিসেবে লড়ছেন, সেই প্রশ্নে তাঁর বক্তব্য—দলের নেতা হলেই কি ভোটে লড়ার অধিকার থাকবে না?
উপনির্বাচনের আগে পরপর প্রার্থী গ্রেফতারির ঘটনায় রেজিনগরের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হল।
