সাংস্কৃতিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র ‘চালচিত্র’

সাংস্কৃতিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র ‘চালচিত্র’

 

শাশ্বতী মোদক , রঙ নিউজ

 

“শব্দ সংক্রামিত হোক কণ্ঠে, নিনাদিত হোক ব্রহ্মাণ্ডে”—এই তাৎপর্যপূর্ণ ভাবনাকে সামনে রেখে সাংস্কৃতিক চর্চার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল চালচিত্র পরিবার। সংস্থার চতুর্থ বর্ষের বার্ষিক অনুষ্ঠান দুই পর্বে সাড়ম্বরে অনুষ্ঠিত হল। প্রয়াত গোপা চক্রবর্তীকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে দুই দিনের অনুষ্ঠানই তাঁর স্মৃতির উদ্দেশে উৎসর্গ করা হয়।

 

প্রথম পর্বের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৭ আগস্ট বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাগৃহে। দ্বিতীয় পর্বের অনুষ্ঠান আয়োজিত হয় ২৩ আগস্ট নন্দন চত্বরের জীবনানন্দ সভাঘরে। দুই পর্বের এই সাংস্কৃতিক আয়োজনের পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন চালচিত্র পরিবারের কর্ণধার কৌশিক করগুপ্ত ও সেলভিসা সেন করগুপ্ত।

প্রথম দিনের অনুষ্ঠানটি ছিল মূলত চালচিত্র পরিবারের শিক্ষার্থী, সদস্য-সদস্যা ও খুদে শিল্পীদের নিয়ে এক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক আয়োজন। নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা তুলে ধরে। পাশাপাশি উপস্থিত ছিলেন বহু আমন্ত্রিত শিল্পী, যাঁদের মনোজ্ঞ পরিবেশনায় অনুষ্ঠান আরও সমৃদ্ধ হয়ে ওঠে। প্রতিযোগিতার শেষে বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিচারকের আসনে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী, কবি, সংগঠক ও সম্পাদক স্বপন চক্রবর্তী, কবি ও সংগঠক প্রদীপ গুপ্ত এবং স্বনামধন্য বাচিক শিল্পী ও কবি দেবব্রত দত্ত। তাঁদের মূল্যায়ন ও পরামর্শ শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চায় আরও উৎসাহ জোগায়।

 

প্রথম পর্বের সাফল্যের পর দ্বিতীয় পর্বের অনুষ্ঠানও হয়ে ওঠে প্রাণবন্ত ও বৈচিত্র্যময়। ২৩ আগস্ট জীবনানন্দ সভাঘরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় কবি ও বিশিষ্ট আবৃত্তিকার দেবাশীষ দণ্ড। তাঁর বক্তব্যের পাশাপাশি মনোজ্ঞ উপস্থাপনাও দর্শকদের মুগ্ধ করে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক কেশব রঞ্জন দে, কবি ও সংগঠক প্রদীপ গুপ্ত, আঞ্চলিক ভাষার স্বনামধন্য কবি তারাশঙ্কর চক্রবর্তী, নরেন্দ্রনাথ সেনগুপ্ত-সহ আরও বহু বিশিষ্ট শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। একক পরিবেশনার পাশাপাশি দলগত পরিবেশনাও অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।

 

তবে দুই দিনের এই সাংস্কৃতিক আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল চালচিত্র পরিবারের কর্ণধার কৌশিক করগুপ্ত পরিচালিত সিনেমা ‘পরান পিঞ্জর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন। পরিচালক কৌশিক করগুপ্তের প্রত্যাশা, খুব শীঘ্রই এই সিনেমা দর্শকদের মন জয় করবে।

 

সংস্কৃতি চর্চা, প্রতিভা বিকাশ এবং নবীন শিল্পীদের মঞ্চ প্রদানের ক্ষেত্রে চালচিত্র পরিবারের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা এবং চলচ্চিত্র উদ্বোধন—সব মিলিয়ে দুই দিনের এই আয়োজন সাংস্কৃতিক মহলে এক বিশেষ মাত্রা যোগ করেছে।

 

গোপা চক্রবর্তীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই সাংস্কৃতিক কর্মযজ্ঞের সফল সমাপ্তি ঘটে ২৩ আগস্ট। এমন সুন্দর ও সৃজনশীল আয়োজনের জন্য চালচিত্র পরিবারের কর্ণধার, প্রশিক্ষক-প্রশিক্ষিকা, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *