সাইবার প্রতারণার ₹৭.৫৭ লক্ষ উদ্ধার, ভুক্তভোগীর হাতে ফিরিয়ে দিল মারিশদা থানা

সাইবার প্রতারণার ₹৭.৫৭ লক্ষ উদ্ধার, ভুক্তভোগীর হাতে ফিরিয়ে দিল মারিশদা থানা

 

দিব্যেন্দু দাস| রঙ নিউজ

 

সাইবার প্রতারণার বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ধারাবাহিক অভিযানে ফের মিলল বড় সাফল্য। মারিশদা থানার তৎপরতায় এক সাইবার প্রতারণার মামলায় প্রতারিত অর্থের মধ্যে ₹৭,৫৭,০০০ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর ভুক্তভোগীর ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২ জুন, ২০২৬ তারিখে মারিশদা থানায় মিহির মণ্ডল নামে এক পাইকারি চিংড়ি মাছ ব্যবসায়ী লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, টেলিফোনে চিংড়ি মাছ কেনাবেচার চুক্তির ভিত্তিতে বিভিন্ন অনলাইন লেনদেনের মাধ্যমে তিনি মোট ₹১০,৫৩,৪৩৫ প্রদান করেন। কিন্তু অর্থ গ্রহণের পর অভিযুক্ত ব্যক্তি প্রতিশ্রুতি অনুযায়ী মাছ সরবরাহ না করে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপরই তিনি বুঝতে পারেন যে তিনি একটি সুপরিকল্পিত সাইবার প্রতারণার শিকার হয়েছেন।

অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই মারিশদা থানার পুলিশ তদন্ত শুরু করে। সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করে প্রতারিত অর্থের গতিপথ চিহ্নিত করা হয় এবং দ্রুত সেই অর্থ ফ্রিজ করার ব্যবস্থা নেওয়া হয়। তদন্তের ফলস্বরূপ ₹৭,৫৭,০০০ সফলভাবে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মাননীয় আদালতের নির্দেশ অনুযায়ী উদ্ধার হওয়া সম্পূর্ণ অর্থ অভিযোগকারীর ব্যাংক অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এই সাফল্যের মাধ্যমে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ আবারও প্রমাণ করল যে, দ্রুত অভিযোগ দায়ের ও যথাযথ তদন্তের মাধ্যমে সাইবার প্রতারণায় হারানো অর্থ উদ্ধার করা সম্ভব।

এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশে আবেদন জানানো হয়েছে, অনলাইনে আর্থিক লেনদেনের আগে অবশ্যই অপর পক্ষের পরিচয় ও বিশ্বাসযোগ্যতা যাচাই করতে হবে। কোনও ধরনের সাইবার প্রতারণার শিকার হলে দেরি না করে নিকটবর্তী থানায় অথবা জাতীয় সাইবার হেল্পলাইন ১৯৩০-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশের মতে, সচেতনতাই সাইবার প্রতারণা রোধের সবচেয়ে কার্যকর অস্ত্র।

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *