সিরিজ সিলের লক্ষ্যে ভারত, ক্যারিবিয়ানদের ‘ডু অর ডাই’
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
কালচারাল কো-অর্ডিনেটর
রঙ নিউজ

৩০ সেপ্টেম্বর গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নামছে ভারত। প্রথম ম্যাচে ৮ উইকেটের দুরন্ত জয়ের পর এই ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুরবে শুভমান গিলের দল। অন্যদিকে, সিরিজে টিকে থাকতে ক্যারিবিয়ানদের কাছে এই ম্যাচ কার্যত ‘ডু অর ডাই’।
প্রথম ওয়ানডেতে ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৫ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। জাস্টিন গ্রিভসের সেঞ্চুরি এবং জন ক্যাম্পবেলের ৬২ রান ছিল ইনিংসের মূল ভরসা। জবাবে বিরাট কোহলির অপরাজিত ১৩৯ ও শুভমান গিলের ১১০ রানের দাপটে ৪১.৪ ওভারেই মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। কোহলি-গিলের ১৫১ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। রোহিত শর্মা করেন ৩২ রান।

বল হাতে কুলদীপ যাদব ৪০ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিবিয়ান ব্যাটিংয়ে চাপ তৈরি করেন। ভারতের ব্যাটিং গভীরতা ও বোলিংয়ের ধারাবাহিকতার বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের প্রধান দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে বোলিং। সিরিজে ঘুরে দাঁড়াতে তাই ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও উন্নতি জরুরি। দুপুর ২টোয় শুরু ম্যাচে ভারতের লক্ষ্য সিরিজ জয়, আর ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য প্রত্যাবর্তন।
