স্ত্রীর কাটা মাথা ফ্রিজে, নৃশংস হত্যাকান্ডে ধৃত স্বামী

স্ত্রীর কাটা মাথা ফ্রিজে, নৃশংস হত্যাকান্ডে ধৃত স্বামী

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

বন্ধ ফ্ল্যাটের মধ্যে পড়ে রয়েছে বধূর রক্তমাখা ক্ষতবিক্ষত মৃতদেহ। ফ্রিজের ভিতর পলিথিন ব্যাগে মোড়া তার কাটা মাথা। গুয়াহাটিতে ঘটে যাওয়া নৃশংস হত্যাকান্ডের ঘটনায় রীতিমতো শিউরে উঠেছেন মানুষ। সূত্রের খবর, গুয়াহাটির বশিষ্ঠপুর এলাকার একটি ফ্ল্যাটে সদ্য বিবাহিত দম্পতির ২৫ বছর বয়সী স্ত্রীকে খুন করে তাঁর স্বামী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস ছয়েক আগে ফ্ল্যাটটি ভাড়া নেন রামানুজন গোস্বামী ও রিয়া তালুকদার গোস্বামী নামের এক নবদম্পতি। গত কয়েকদিন তাঁদের এলাকায় বেরুতে দেখা যায়নি। রবিবার বন্ধ ফ্ল্যাটের মধ্যে থেকে পচা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। খবর পেয়ে উপস্থিত হয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে রিয়াকে ঘরের মেঝেতে রক্তাক্ত, ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। এরপর ফ্রিজের ভিতরে পলিথিন ব্যাগে মোড়া মৃতের কাটা মাথা দেখে চোখ কপালে ওঠে পুলিশের। দ্রুত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। গুয়াহাটি পুলিশের তরফে অতিরিক্ত ডেপুটি কমিশনার অনুরাগ শর্মা জানান, স্ত্রীকে খুন করে ফেরার হয়ে গেলেও পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে সব দোষ স্বীকার করেন অভিযুক্ত রামানুজন। কী নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, খুনের উদ্দেশ্য কী তা জানতে ধৃতকে জেরা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *