১৭লক্ষ আবেদন বাতিল অন্নপূর্ণা যোজনার

*১৭লক্ষ আবেদন বাতিল অন্নপূর্ণা যোজনার*

নবনীতা পাল : রঙ নিউজ

বর্তমানে সেপ্টেম্বর মাসের অন্নপূর্ণা যোজনার অপেক্ষায় আবেদনকারীরা। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জন্মদিনের দিন, ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হবে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আপাতত ১৭ তারিখের দিকে তাকিয়ে সকলে। এরই মধ্যে ফের বাতিল হয়ে গেল অন্নপূর্ণা যোজনার লক্ষ লক্ষ আবেদন।

চলতি মাসে রাজ্যের প্রায় ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তা মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি (DBT)-র মাধ্যমে টাকা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। তবে তার আগেই বাতিল হয়ে গেল প্রায় ১৭ লক্ষ আবেদন। রাজ্যজুড়ে বাতিল বা সাময়িকভাবে আটকে রাখা হয়েছে অন্নপূর্ণা যোজনার ১৭ লক্ষ আবেদন। কেন?

সরকারি তথ্য বলছে, জমা পড়া আবেদনপত্রগুলি যাচাই প্রক্রিয়ার সময় নথিপত্রে বিস্তর অসঙ্গতি ধরা পড়েছে। সেই কারণে মোট ১৭ লক্ষ বাতিল বা আটকে। এর মধ্যে প্রায় ১০ লক্ষ ক্ষেত্রেই মূল সমস্যা সরকারি পরিচয়পত্র ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের অমিলের কারণে। কোথাও পরিচয়পত্রে থাকা নামের বানান, জন্মতারিখ কিংবা ঠিকানার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের নথি না মেলার কারণে ডিবিটি করা যায়নি।
আবার জানা যাচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি সক্রিয় না থাকায় বহু আবেদন আটকে। আবেদনপত্রে ভুল তথ্য পূরণের কারণেও তালিকা থেকে বাদ পড়েছে সেসব। তবে বর্তমানে বাদ পড়লেই আর সুবিধা মিলবে না, এমনটা ধরে নেওয়ার কারণ নেই। আবেদন সাময়িক বাতিল হয়েছে এসব আবেদন।

যাঁদের আবেদন বর্তমানে ভেরিফিকেশনের আওতায় রয়েছে বা কোনও সমস্যা দেখা দিলে আপত্তির মাধ্যমে তথ্য সংশোধন করবেন, তাঁদের আবেদন অনুমোদিত হতে পারে। তাদের পরবর্তী ধাপে বকেয়া টাকা ছাড়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনায় যোগ্য হয়েও বহু উপভোক্তার না পাওয়া নিয়ে অভিযোগ উঠছে। বঞ্চিতদের বিক্ষোভও বাড়ছে দিন দিন। এ অবস্থায় সেপ্টেম্বর মাসে ফের কী পরিস্থিতি হয় সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *