২.৫ কোটির সোনা সহ ধৃত ১ হাওড়ায়
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
হাওড়া স্টেশনে বিপুল পরিমাণে সোনার গয়না সহ নগদ টাকা উদ্ধার হলো হাওড়া আরপিএফের তৎপরতায়। শনিবার সন্ধ্যায় হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সের ২৩ নম্বর প্ল্যাটফর্মে আরপিএফ নজরদারি দলের কর্মীদের হাতে ৫ কেজিরও বেশি সোনার গয়না ও নগদ ৪৭ হাজার নগদ টাকা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে হাওড়া আরপিএফ। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ললিত কুমার (৫৭)। সে তামিলনাড়ুর কোয়েম্বাটুরের বাসিন্দা। শনিবার হাওড়া স্টেশনে তাদের নজরদারি চালানোর সময় স্টেশনের নতুন কমপ্লেক্সের ২৩ নম্বর প্লাটফর্মে এক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে সন্দেহ হয় আরপিএফ কর্মীদের। তারা ওই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তার ট্রলি ব্যাগ দেখতে চান। ওই ব্যক্তি প্রথমে ব্যাগ খুলে দেখাতে অস্বীকার করে। পরে তার ব্যাগটি স্ক্যানিং মেশিন দিয়ে স্ক্যান করে সন্দেহ আরও বাড়ে আরপিএফ কর্মীদের। এরপর ব্যাগ খুলে তল্লাশি করতেই চক্ষু চড়কগাছ। বেরিয়ে পড়ে থরে থরে সাজানো সোনার গয়না। এছাড়াও বান্ডিল করা নগদ টাকা ধৃতের কাছ থেকে উদ্ধার করে আরপিএফ। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সোনার পরিমাণ ৫ কেজি ১৩৫ গ্রাম যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৬১ লক্ষ টাকার কাছাকাছি। এর পাশাপাশি আটক করা নগদ টাকার পরিমাণ ৪৭ হাজার। কোথা থেকে ওই সোনা বা টাকা এল আরপিএফের করা প্রশ্নের প্রমাণ সহ কোনোও সদুত্তর দিতে পারেনি আটক ব্যক্তি। দেখাতে পারেনি কোনোরকম বৈধ কাগজপত্র। ফলে আরপিএফ গ্রেপ্তার করে তাকে। ধৃতকে তাদের হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করে সবকিছু খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে হাওড়া আরপিএফ।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
