বিজেপির ‘চোর ধরো জেল ভরো’-তে ধুন্ধুমার হাওড়ায়
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিকে সামনে রেখে মিছিল, অবস্থান বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড ঘটল হাওড়ায়। কড়া হাতে মিছিল আটকালে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, হাতাহাতি শুরু হয়ে যায় বিজেপি যুব মোর্চার কর্মীদের। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে মঙ্গলবার দুপুরে হাওড়া জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে ‘চোর ধরো জেল ভরো’ কর্মসূচি পালন করা হয় হাওড়া শহরে। হাওড়া সিটি পুলিশের শিবপুর থানা এলাকার অবনী মলের সামনে থেকে কাজিপাড়া মোড় পর্যন্ত হাওড়া জেলা বিজেপি সভাপতি মণিমোহন ভট্টাচার্যের নেতৃত্বে মিছিল করেন বিজেপি যুব মোর্চার কর্মীরা। কাজিপাড়া মোড়ে মিছিল আটকে দিলে রাস্তার ওপরে বসে বিক্ষোভ অবস্থান করেন যুব মোর্চার কর্মীরা। চলে স্লোগান। বিক্ষোভ সমাবেশ থেকে এসএসসি দুর্নীতিতে যুক্ত দোষীদের শাস্তি, তৃণমূল মুক্ত ও দুর্নীতি মুক্ত বাংলার দাবি জানায় হাওড়া জেলা বিজেপি যুব মোর্চা। সংগঠন সূত্রে জানা গিয়েছে, রাজ্য বিজেপির নির্দেশ অনুযায়ী এই কর্মসূচি পালন করা হচ্ছে। তবে রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্নের কাছাকাছি হওয়ার কারণে বিজেপির বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে যাতে কোনোওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিয়ে সতর্ক ছিল হাওড়া সিটি পুলিশ। কার্যত কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয় এলাকা। ব্যারিকেড দিয়ে রাস্তা আটকানোর পাশাপাশি হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের ব্যারিকেড মিছিল আটকে দিলে রাস্তার ওপরে বসে পড়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বিজেপি নেতা মণিমোহন ভট্টাচার্য বলেন, ‘তৃণমূল দলটা পুরো চোরে ভর্তি হয়ে গিয়েছে। যেখানে সাধারণ মানুষ খেতে পাচ্ছে না সেখানে একজন ক্যাবিনেট মন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। এর দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। আমরা অবিলম্বে পার্থ চট্টোপাধ্যায়ের কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবির পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানাচ্ছি।’ বিক্ষোভ সমাবেশ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে আরও বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় বিজেপি।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
