ডেঙ্গুতে মৃত্যুর ঘটনায় মাঠে নামল হাওড়া পুর নিগম
সোমনাথ মুখোপাধ্যায়: Rong News
শুক্রবার হাওড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসলো হাওড়া পুর নিগম। মৃত্যুর খবর পেয়ে শনিবার হাওড়া পুর এলাকার ৪৯ নম্বর ওয়ার্ডের শিয়ালডাঙা এলাকায় মৃতের বাড়িতে পৌঁছলেন হাওড়া পুর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। মৃতের পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন সুজয় চক্রবর্তী। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও। যুদ্ধকালীন পরিস্থিতিতে এলাকার জঞ্জাল সাফাই ও সংক্রমণ প্রতিরোধের বিষয়টি নিয়ে পুর আধিকারিকদের নির্দেশ দেন সুজয় চক্রবর্তী।
তিনি বলেন, ‘একটি মৃত্যুর ঘটনা ঘটে গিয়েছে যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি জেনেছি যে যুবকটির স্নায়ু ঘটিত সমস্যা একটা ছিল। তারপর সংক্রমণ হয়ে প্লেটলেট কাউন্ট ভীষণ কমে যায়।’ তিনি আরোও বলেন, ‘যতটা শুনে বুঝলাম রোগীকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন শক স্টেজ।’ ডেঙ্গু রোধে পুর নিগমের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে সুজয় চক্রবর্তী বলেন, ‘আমাদের তরফে যা যা করণীয় তা করা হচ্ছে। মশা মারার ওষুধ স্প্রে করা, ব্লিচিং পাউডার ছড়ানো হচ্ছে। আপাতত সংক্রমণ প্রতিরোধের বিষয়টিতে জোর দেওয়া হচ্ছে। আমরা আমাদের কর্মকাণ্ড আরও বাড়াচ্ছি।’
হাওড়ায় ডেঙ্গু আক্রান্ত হওয়া প্রসঙ্গে সুজয় চক্রবর্তী জানান, ‘আরও তিনজন হাসপাতালে ভর্তি হয়েছে। আমি খবর নিয়েছি। একটি ১০-১১ বছরের বাচ্চাও আছে। দুজন হাওড়া জেলা হাসপাতালে ভর্তি আছে। একজন কলকাতার সিএমআরআই হাসপাতালে ভর্তি। আমি ফোনে হাসপাতালের সুপারকে সব বুঝিয়ে বলেছি। আপাতত আমরা সংক্রমণ প্রতিরোধের বিষয়টিতেই জোর দিচ্ছি।’
