বিশেষ চাহিদা সম্পন্নদের র্যাম্প শো
তৃণা মুখার্জ্জী ,Rong News
কলকাতার লেকটাউনের ডি’উইশ মাল্টিডিসিপ্লিনারি থেরাপি সেন্টারের উদ্যোগে এবং লেডি মঙ্ক এণ্টারটেইনমেণ্ট এর সহযোগিতায় গত ৩ রা সেপ্টেম্বর সন্ধ্যায় কলকাতার জ্ঞান মঞ্চে ব্লু সোলস্ ফেস্টিভ্যাল নামক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েরা র্যাম্প ওয়াক ও নৃত্য-গীত পরিবেশন করে। ওরা সংখ্যায় ছিল পঁচিশ জন।
ওদের পারফরম্যান্স দেখে মন ভরে ওঠে দর্শকদের ও অভিভাবকদের এবং একইসঙ্গে সংশ্লিষ্ট সংস্হার উপস্থিত কর্মকর্তাদের।
নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক অভিভাবিকা বললেন – আমার সন্তান মানসিক প্রতিবন্ধী। মা হিসাবে খুবই চিন্তিত ছিলাম। ‘ওরা পারবে তো’ – মনের মধ্যে এই ভয়টা ছিল। কিন্তু ওদের পারফরম্যান্স দেখে সত্যিই খুব আনন্দ হচ্ছে।
ডি’উইশ মাল্টিডিসিপ্লিনারি থেরাপি সেন্টারের কর্ণধার সুমিত্রা পাল বক্সী বললেন- সুযোগ পেলে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েরাও অনেক কিছু পারে সেটা আজ আমরা প্রমাণ করে দিলাম। দরকার সবার সহযোগিতা। প্রসঙ্গত কোনোরকম সরকারি সহযোগিতা ছাড়াই এই সংস্হাটি গত চার বছর ধরে সেবার জগতে উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন করে চলেছে।
ক্লিনিক্যাল সাইকোলজির অভিজ্ঞ পরামর্শদাতা তানেয়া মুখার্জ্জী বললেন – এই ধরনের ছেলেমেয়েদের জন্য দরকার একটু স্নেহ, ভালবাসা ও সহানুভূতি। পরিবার ও সমাজ যদি ওদের দূরে ঠেলে না দিয়ে বুকে টেনে নেয় ওরাও স্বাভাবিক জীবন যাপন করতে পারবে।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
