লক্ষ মানুষের গীতা পাঠ ব্রিগেডে
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
লক্ষ মানুষের গীতা পাঠে মুখর হতে চলেছে কলকাতার আকাশ বাতাস। সনাতন সংস্কৃতি পরিষদের উদ্যোগে ও ভারত সেবাশ্রম সংঘের ব্যবস্থাপনায় ২৪শে ডিসেম্বর ব্রিগেডে গীতা পাঠ করবেন এক লক্ষ মানুষ। এ বিষয়ে অনুমতি পেতে সেনাবাহিনীর কাছে আবেদন জানিয়েছেন উদ্যোক্তারা। জানা গিয়েছে, মোট ৩ ঘন্টার অনুষ্ঠানে পাঠ করা হবে গীতার ৫টি অধ্যায়। অংশ নেবেন ১ লক্ষ মানুষ।
উদ্যোক্তাদের তরফে জানানো হয়, এই বৃহত্তম ধর্মীয় সমাবেশে উপস্থিত থাকবেন দ্বারকার শঙ্কর মঠ অর্থাৎ সারদা মঠের পীঠাধ্যক্ষ শঙ্করাচার্য। এছাড়াও আমন্ত্রণ জানানো হচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এর পাশাপাশি রাজ্যের সমস্ত নির্বাচিত সাংসদ, বিধায়ক, সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও রয়েছেন আমন্ত্রিতদের তালিকায়। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর মতে, গীতাকে আশ্রয় করে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে আরএসএস ও বিজেপি। রাজনৈতিক পর্যবক্ষেকদের মতে, আসন্ন লোকসভা নির্বাচনে হিন্দু ভোট ব্যাঙ্ক অক্ষুণ্ণ রেখে দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করতেই এই ধরনের উদ্যোগ নিয়েছে আরএসএস ও গেরুয়া শিবির।
