দুর্যোগে বিপর্যস্ত হিমাচল ও উত্তরাখন্ডে মৃত ৬৬
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
প্রবল প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হিমাচল প্রদেশ ও উত্তরাখন্ডের বিস্তীর্ণ অঞ্চল। মেঘভাঙা অতিবৃষ্টি ও ফুলেফেঁপে ভয়ঙ্কর হয়ে ওঠা পাহাড়ি নদীর জলোচ্ছ্বাসের পাশাপাশি ধ্বস নেমে সড়কপথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে হিমাচলের সিমলা, মান্ডি, সোলান, বিলাসপুর জেলা। সরকারি হিসাবে ৮০০ বাড়ি স্রেফ ভেসে গিয়েছে। ৭৫০০ বাড়ি ধ্বংসস্তূপ। ধ্বস নেমে কার্যত ‘নেই’ হয়ে গিয়েছে সিমলার কার্ট রোড। মাটি ধ্বসে ঝুলছে টয়ট্রেনের লাইন। ধ্বংসস্তূপের নিচে একাধিক মানুষ চাপা পড়ে তুমুল বিপর্যয় সিমলার কাছেই সামারহিলে। সরকারি হিসাবে দুই রাজ্য মিলিয়ে মৃতের সংখ্যা ৬৬। নিখোঁজ অন্ততঃ ১০। বিপর্যয় মোকাবিলায় নেমে দুর্যোগের কারণে কার্যত নাস্তানাবুদ হতে হচ্ছে প্রশাসনকে। অন্যদিকে উত্তরাখন্ডের দেরাদুন, পাউরি, তেহরি, নৈনিতালেও অতি ভারি বৃষ্টির কারণে ধ্বস নেমেছে বিস্তীর্ণ এলাকায়। বদ্রীনারায়ণের পথে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে একাধিক গাড়ি। আশঙ্কা বাড়িয়ে দুই রাজ্যেই ফের ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়ার পাশাপাশি লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in Chief- Rakesh Sharma
