মানবদরদী মাদার

Views: 148
5 0

মানবদরদী মাদার

(জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি)

 

✍️সোমনাথ মুখোপাধ্যায়

 

“আমি সতের মা, অসতেরও মা। আমি সত্যিকারের মা”- বলেছিলেন মা সারদা। জগৎ সংসারে সার সঞ্চার করতে এসেছিলেন তো! তাই তিনি সারদা। কিন্তু তিনি তো পরমপুরুষ যুগাবতার রামকৃষ্ণদেবের ঘরনী। বাংলার সবুজ শ্যামলিমার ঘেরাটোপে বড় হওয়া আমাদের খুব কাছের মা। আর যিনি ইউরোপের অপেক্ষাকৃত কঠিন আবহাওয়ায় বড়ো হয়ে, ভিন্ন ধর্ম ও সংস্কৃতির মধ্যে দিয়ে গিয়ে, এদেশের আপামর ক্ষুধাতুর, হতদরিদ্র জনসাধারণের কাছের ‘মা’ হয়ে উঠতে পেরেছিলেন! তিনি? আসলে মা তো মা ই। তার আবার জাত কী, ধর্ম কী! সে তো মাতৃদেবীর নিজস্ব ধর্ম। মায়ের ধর্ম। তিনি মাদার টেরেসা।

 

১৯১০য়ে ২৬শে অগস্ট তৎকালীন অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত যুগোস্লাভিয়ার স্কোপজে শহরে জন্মানো অ্যাগনেস পরবর্তী কালে মাদার টেরেসা বলে বিশ্বখ্যাত হবেন। তাঁর সেবাব্রতের মাধ্যমে রচনা করবেন ইতিহাস। হবেন অসুস্থ, আতুরের ‘সত্যিকারের মা’। এই শহর কলকাতার পথে পথে তাঁর কোমল স্নেহের পরশ নিয়ে ঘুরে বেড়িয়েছেন। কুষ্ঠরোগীর সেবা করেছেন। করেছেন ক্ষয় রোগী ও এইডস রোগীদের সুচিকিৎসার ব্যাবস্থা। ১৯৫০এ স্থাপন করেছেন তাঁর অবিস্মরণীয় কীর্তি মিশনারিজ্ অফ চ্যারিটি। এই কলকাতা শহরেই। অনাথ শিশুদের জন্য হোম নির্মলা শিশু ভবন, জাতিধর্ম নির্বিশেষে মুমূর্ষুদের জন্য নির্মল হৃদয় হোম ইত্যাদি। এমনকি ১৯৪৩র মন্বন্তরের মোকাবিলা, ১৯৪৬র জাতিদাঙ্গাতেও শান্তির বাণী নিয়ে ছুটে গিয়েছেন সকলের মধ্যে। কী না করেছেন মাদার!

সেই সদাহাস্যময়ী নীল-সাদা শাড়ির মা আজীবন শুধু সেবাকেই পরম ধর্ম বলে জেনেছেন। ক্রিশ্চান হলেও আসলে তিনি যে মানবধর্মে বিশ্বাসী।

 

১৯৬২তে ম্যাগসাইসাই ও ১৯৭৯ নোবেল পুরস্কারপ্রাপ্ত মাদারের এসবের থেকে বড় পুরস্কার আতুরের মুখের নির্মল হাসি। “Touch a leper, touch him with love” বা “a person will die like an angel” ভাবতেই গায়ে কাঁটা দেয় না! দেয় না নাড়িয়ে অন্তরাত্মাকে! এই তো মা!

 

আজ তাঁর জন্মদিন। বলা ভালো আবির্ভাব। তিনি সন্ত। সেন্ট টেরেসা কিন্তু সকলের মাদার। ‘মা’।

সকলকে ছেড়ে পরম পিতার আশ্রয়ে চলে গিয়েছেন মা। কলকাতায় তাঁর প্রাণাধিক প্রিয় মিশনারিজ্ অফ চ্যারিটি ভবনেই। ১৯৯৭র ৫ই সেপ্টেম্বরে। তাঁকে প্রণাম।

 

 

 

 

Sub Editor- Ramananda Das

Editor- Dibyendu Das

Editor in chief-  Rakesh Sharma

Happy
Happy
1
Sad
Sad
2
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *