জমা জল থেকে মুক্তির আশ্বাস কর্পোরেশনের

Views: 99
2 0

জমা জল থেকে মুক্তির আশ্বাস কর্পোরেশনের

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
কলকাতা

বর্ষা আসার আগেই জল যন্ত্রণা থেকে শহরবাসীকে মুক্তির আশ্বাস দিল কলকাতা কর্পোরেশন। বুধবার কলকাতা পুর ভবনে এক বৈঠকের পর এ কথা জানান রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। কলকাতা কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, গত বর্ষায় শহরের অন্যান্য অঞ্চলে কমবেশি জল জমলেও দক্ষিণে টালিগঞ্জ, যাদবপুর, বেহালা জুড়ে জমা জলের ছবি মোটেও ভালো নয়। এছাড়াও মেট্রো রেলের কাজের জন্য আদি গঙ্গা দিয়ে ধীরগতিতে জল যাওয়ার কারণে ডুবেছে টালিগঞ্জ, বেহালা। বাদ যায়নি যাদবপুরও। বিষয়টির গুরুত্ব মাথায় রেখে তৎপর হয়েছে কলকাতা কর্পোরেশন। মেয়রের দাবি, টালিগঞ্জ, বেহালা প্রভৃতি অঞ্চল ছাড়াও এ বছর জল জমা থেকে অনেকটাই মুক্তি পেতে চলেছেন শহরবাসী। তিনি বলেন, মেট্রো রেলের কাজের জন্য অনেক নির্মাণ সামগ্রী পড়ে থাকার ফলে খাল দিয়ে জল যেতে অনেক সময় নিচ্ছে। তিনি আরো বলেন, মেট্রো রেল কতৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। পনেরো দিনের মধ্যে সমস্ত নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলবে মেট্রো। ফলে সমস্যা হবে না।


ফি বছর বর্ষায় এমনিতেই শহরের বিভিন্ন অঞ্চলে জল জমে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। যানবাহনের গতি স্তব্ধ হওয়ার পাশাপাশি বাড়ে পানীয় জলের সমস্যা। জমা জলের কারণে বাড়ে ম্যালেরিয়া, ডেঙ্গুর মতো মশা বাহিত রোগ। দক্ষিণে টালিগঞ্জ, বেহালা, যাদবপুর, কসবা থেকে উত্তরে কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, মানিকতলার বানভাসি জলছবি থাকে চোখে পড়ার মতো। হাঁটু বা কোমর সমান জল, পানীয় জল, রোগভোগে চূড়ান্ত নাকাল হতে হয় সাধারণ মানুষকে। এবার তার থেকে মুক্তি দিতে কোমর বেঁধে নামছে কলকাতা কর্পোরেশন। কাজ চলছে জোরে। খালের নাব্যতা বাড়ানো, পাম্প মজুতের পাশাপাশি পরিকাঠামোগত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তৈরি হচ্ছে বলে কলকাতা কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে। এছাড়াও কলকাতা কর্পোরেশনের সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তৈরি কলকাতা পুলিশ। থাকবে বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরাও। ওদিকে অসহ্য গরমে খুশির খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। এবার সময়ের কিছুটা আগেই বঙ্গে বর্ষা ঢুকছে। কিন্তু বৃষ্টির পরে জমা জলের কথা ভাবলেই কপালে চিন্তার ভাঁজ পড়ছে মানুষের। সব মিলিয়ে বর্ষায় শহরের জলছবিটা কেমন হবে সেটাই এখন দেখার।

 

 

 

 

Sub Editor- Ramananda Das

Editor-  Dibyendu Das

Editor in chief- Rakesh Sharma

Happy
Happy
1
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *