“বহুজন” এনসিপিআই, পাল্টা সৌগত
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
কালচারাল কো-অর্ডিনেটর রঙ নিউজ
নয়া রাজনৈতিক প্ল্যাটফর্ম এনসিপিআই-এর নামের সঙ্গে যুক্ত হয়েছে ‘বহুজন’। সোশ্যাল মিডিয়া পোস্টে দলিত, মুসলিম, আদিবাসী, উপজাতি ও ওবিসি সমাজের মানুষকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। এই প্রচারে রয়েছেন এনসিপিআই নেত্রী তথা সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের চিকিৎসক পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার।
বিষয়টি নিয়ে কাকলি ঘোষ দস্তিদার জানান, এনসিপিআই নতুন দল হলেও ইতিমধ্যেই ২০ জন সাংসদ যোগ দিয়েছেন। তাঁর দাবি, ‘বহুজন’ কোনও বিভাজনের বার্তা নয়, সমাজের পিছিয়ে পড়া-সহ সমস্ত অংশকে সঙ্গে নেওয়ার বার্তা। সংবিধানের সার্বিক উন্নয়নের ভাবনা এবং ড. বি. আর. আম্বেদকরের আদর্শকে সামনে রেখেই পোস্টারে ‘জয় ভীম’ ও আম্বেদকরের ছবি ব্যবহার করা হয়েছে।
সংসদীয় অধিবেশন শেষে এলাকায় ফিরে কাকলি জানান, অঞ্চলভেদে মানুষের চাহিদা আলাদা। কোথাও আদিবাসী, কোথাও তপশিলি জাতির মানুষের সংখ্যা বেশি। তাই রাস্তাঘাট, পানীয় জল ও আলোর মতো মৌলিক পরিষেবা অগ্রাধিকার পাবে।
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের বার্তা প্রত্যন্ত এলাকায় পৌঁছে দিতে ফেসবুক, এক্স, সংবাদমাধ্যমের পাশাপাশি লিফলেট বিলি করা হচ্ছে বলেও জানান তিনি। তাঁর দাবি, ইতিমধ্যেই বহু নতুন মুখ ও সাধারণ মানুষ দলে যুক্ত হতে আগ্রহ দেখাচ্ছেন।
নিজের সমাজসেবার কথাও তুলে ধরেন কাকলি। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে নিজের বেতন ও সংসদীয় বেতনের অর্থ থেকে ভালো ফল করা দরিদ্র পড়ুয়াদের সেমিস্টার ফি, বই-খাতা দিয়েছেন। মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের আগে তিন মাস শিক্ষককে পারিশ্রমিক দিয়ে বিনামূল্যে কোচিংয়ের ব্যবস্থাও করেছেন। নারীশিক্ষার প্রসারেও তাঁর উদ্যোগ চলছে। এনসিপিআই-এ আসার পর এই কর্মসূচিগুলির কথাও মানুষকে জানানো হচ্ছে।
