পেসমেকার বসল বিমান বসুর
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
হৃদযন্ত্রে পেসমেকার বসল রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বর্ষীয়ান সিপিআইএম নেতা বিমান বসুর। সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, শনিবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ্ মেডিকেল সায়েন্সে পেসমেকার বসে ৮৭ বছর বয়সী প্রবীণ নেতা বিমান বসুর। তাঁর অবস্থা স্থিতিশীল। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর সঙ্গে এখন সাক্ষাৎ করা নিষেধ।
সিপিআইএম দলীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে বার্ধক্য জনিত বিভিন্ন সমস্যার পাশাপাশি হৃদযন্ত্রেও কিছু সমস্যা হচ্ছিল বিমানবাবুর। পরীক্ষানিরীক্ষার পর তাঁর বুকে পেসমেকার বসানোর পরামর্শ দেন চিকিৎসকরা। তারপরেই দিল্লি এইমসে ভর্তি করা হয় প্রবীণ পার্টি নেতাকে। বর্তমানে রাজ্যে তিনিই সবথেকে বর্ষীয়ান রাজনীতিক। এমনিতে অত্যন্ত সাদামাটা জীবনযাপন বিমানবাবুর। থাকেন দলের সদর দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটেই। সাদামাটা জীবনযাপনের মতোই সাদামাটা হালকা খাবার খান তিনি। তবে ঘনঘন লিকার চা, সঙ্গে ধূমপানের অভ্যাস তাঁর দীর্ঘদিনের। পেসমেকার বসানোর পর তাঁর ধূমপান কতটা কমানো যাবে বা আদৌ বন্ধ করানো যাবে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দিহান পার্টি নেতৃত্ব।
