১ আগস্ট থেকে শুরু ভারতের জনগণনা ২০২৭-এর স্ব-গণনা

১ আগস্ট থেকে শুরু ভারতের জনগণনা ২০২৭-এর স্ব-গণনা

 

দিব্যেন্দু দাস | রঙ নিউজ

 

ভারতের জনগণনা ২০২৭-এর অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব স্ব-গণনা (Self Enumeration) শুরু হচ্ছে ১ আগস্ট, ২০২৬ থেকে। আগামী ১৫ আগস্ট পর্যন্ত দেশের নাগরিকরা নির্ধারিত সরকারি পোর্টালে নিজেদের ও পরিবারের তথ্য অনলাইনে পূরণ করে জমা দিতে পারবেন। জনগণনা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নির্ভুল, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করে তুলতেই কেন্দ্র সরকারের এই উদ্যোগ।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, নাগরিকদের প্রথমে নির্ধারিত পোর্টালে প্রবেশ করে পরিবারের একজন সদস্যকে পরিবারের প্রধান (Head of Family) হিসেবে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য একটি বৈধ মোবাইল নম্বর ও ই-মেল আইডি প্রয়োজন হবে। একবার পরিবারের প্রধানের নাম নিবন্ধিত হলে তা আর পরিবর্তন করা যাবে না এবং একটি মোবাইল নম্বর কেবলমাত্র একটি পরিবারের জন্যই ব্যবহার করা যাবে।

পরবর্তী ধাপে নিবন্ধিত মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি (OTP)-এর মাধ্যমে পরিচয় যাচাই করতে হবে। এরপর পছন্দের ভাষা নির্বাচন করে মানচিত্রে নিজের বাড়ির সঠিক অবস্থান চিহ্নিত করতে হবে এবং জেলা, পিন কোড, গ্রাম বা ওয়ার্ড-সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে।

এরপর পরিবারের প্রতিটি সদস্যের তথ্য নির্ধারিত প্রশ্নাবলীর মাধ্যমে পূরণ করতে হবে। তথ্য পূরণের পর Preview-এর মাধ্যমে সব তথ্য যাচাই করে প্রয়োজন হলে সংশোধন করা যাবে। তবে Final Submit করার পর আর কোনো তথ্য পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকবে না। সফলভাবে আবেদন জমা হলে একটি Self Enumeration ID (SE ID) তৈরি হবে, যা পরবর্তী যাচাইকরণের জন্য সংরক্ষণ করে রাখতে হবে।

স্ব-গণনা সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সময়ে সরকারি গণনাকারী (Enumerator) বাড়িতে এসে তথ্য যাচাই করবেন। নাগরিকের দেওয়া SE ID সরকারি নথির সঙ্গে মিললে সেই তথ্যই চূড়ান্ত হিসেবে গ্রহণ করা হবে। কোনো অসঙ্গতি ধরা পড়লে গণনাকারী পুনরায় তথ্য সংগ্রহ করবেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিকদের প্রদত্ত সমস্ত তথ্য সম্পূর্ণ নিরাপদে সংরক্ষিত থাকবে এবং শুধুমাত্র জনগণনার সরকারি কাজেই ব্যবহার করা হবে। কোনো সমস্যা হলে টোল-ফ্রি হেল্পলাইন ১৮৫৫-এ যোগাযোগ করা যাবে।

ডিজিটাল স্ব-গণনার এই উদ্যোগে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে প্রশাসন। বিশেষজ্ঞদের মতে, এই ব্যবস্থা জনগণনার কাজকে আরও দ্রুত, নির্ভুল ও আধুনিক করে তুলবে।

 

এক নজরে স্ব-গণনার সম্পূর্ণ পদ্ধতি

**ধাপ–১: পোর্টালে নিবন্ধন*

  1. *সরকারি পোর্টালে প্রবেশ করুন।
  2. *পরিবারের প্রধান হিসেবে একজনকে নিবন্ধন করুন।
  3. *মোবাইল নম্বর ও ই-মেল আইডি ব্যবহার করুন।

**ধাপ–২: OTP ও অবস্থান যাচাই*

  1. *পছন্দের ভাষা নির্বাচন করুন।
  2. *OTP দিয়ে পরিচয় যাচাই করুন।
  3. *মানচিত্রে বাড়ির সঠিক অবস্থান চিহ্নিত করুন।
  4. *জেলা, পিন কোড ও এলাকার তথ্য পূরণ করুন।

**ধাপ–৩: তথ্য পূরণ ও ফাইনাল সাবমিট*

  1. *পরিবারের সকল সদস্যের তথ্য পূরণ করুন।
  2. *Preview দেখে তথ্য যাচাই করুন।
  3. *প্রয়োজন হলে সংশোধন করুন।
  4. *Final Submit করুন।
  5. *SE ID সংরক্ষণ করুন।

**ধাপ–৪: গণনাকারীর যাচাই*

  1. *বাড়িতে এলে গণনাকারীকে SE ID দেখান।
  2. *তথ্য মিললে সেটিই চূড়ান্ত হবে।
  3. *তথ্যে অসঙ্গতি থাকলে পুনরায় তথ্য সংগ্রহ করা হবে।

**গুরুত্বপূর্ণ বিষয়**

  • **স্ব-গণনার সময়: ১ আগস্ট – ১৫ আগস্ট, ২০২৬**
  • *পোর্টাল: https://se.census.gov.in
  • *হেল্পলাইন (টোল-ফ্রি): ১৮৫৫
  • *মনে রাখবেন: Final Submit-এর পরে কোনো তথ্য পরিবর্তন করা যাবে না।
  • *SE ID অবশ্যই সংরক্ষণ করবেন।

 

 

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *