চালু হচ্ছে প্লাস্টিকের টাকা
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
এগোচ্ছে ভারত। জনসাধারণের সুবিধার কথা মাথায় রেখে বাজারে মজবুত ও টেকসই প্লাস্টিক নোট নিয়ে আসার বিষয়ে ঘোষণা করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আগামী অর্থবর্ষের গোড়া থেকেই নতুন নোট বাজারে মিলবে বলে জানিয়েছে সর্বোচ্চ ব্যাঙ্ক। এমনিতেই বাজারে খুচরোর অমিল। দোকান, বাজার, বাস, অটো, রিক্সায় খুচরো টাকা নিয়ে খিটিমিটি নিত্যদিনের ঘটনা। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে ১০ ও ২০ টাকার পলিমার প্লাস্টিক নোট আনছে রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, পলিমার প্লাস্টিক নোট বিদেশে বেশ জনপ্রিয়। কয়েক দশক ধরেই তা ব্যবহার করছে বিভিন্ন দেশ। এবার ভারতেও তা চালু করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, নয়া আর্থিক বছরের শুরু থেকেই বাজারে আসছে ১০ ও ২০ টাকার প্লাস্টিক নোট। এ বিষয়ে বিভিন্ন সংস্থার থেকে দরপত্র আহ্বান করা হচ্ছে। নতুন নোট পরীক্ষানিরীক্ষা ও সুরক্ষাজনিত ছাড়পত্র পাওয়ার পরই বাজারে ছাড়া হবে। নতুন নোট কেমন চলছে তা দেখে পরবর্তীতে ১০০ বা ৫০০ টাকার পলিমার প্লাস্টিক নোট ছাপার কথা ভাবা হবে। তাঁর কথায়, প্রথমত প্লাস্টিক নোট টেকসই। জল পড়লেও তা নষ্ট হওয়ার ভয় নেই। দ্বিতীয়ত খরচ সাশ্রয়কারী। মজবুত হওয়ার কারণে তা বারবার ছাপার হাঙ্গামা নেই। তবে জনসাধারণকে আশ্বস্ত করে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্লাস্টিক নোট বাজারে এলেও পুরনো কাগজের নোট বাতিল হচ্ছে না। নতুন প্লাস্টিকের নোটের পাশাপাশি চালু থাকবে পুরনো নোট।
