রেজিনগরে অধীরের বড় দাবি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
কালচারাল কো-অর্ডিনেটর
রঙ নিউজ
রেজিনগর উপনির্বাচনের আগে বড় দাবি অধীর রঞ্জন চৌধুরীর। তাঁর বক্তব্য, বিজেপির বিরুদ্ধে ময়দানে একমাত্র কংগ্রেসই লড়াই করছে। রাজ্যের একমাত্র বিরোধী দল হিসেবেও কংগ্রেসই থাকবে বলে দাবি করেন তিনি। রেজিনগরের মানুষকে কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদনও জানান অধীর।
অন্যদিকে, ভাইরাল অডিও ক্লিপ-কাণ্ডের জেরে রেজিনগরে ছেলের হয়ে সরাসরি প্রচার থেকে সরে দাঁড়িয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, সরাসরি প্রচার করবেন না, শুধুমাত্র সমাজমাধ্যমে প্রচার চালাবেন। তাঁর অভিযোগ, প্রচারের পরিবেশ নেই এবং তাঁর সঙ্গে দেখা করতে আসা সমর্থকদের পুলিশ আটক করছে।
এর মধ্যেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া। ভোটের আগে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তুলে তাঁকে গ্রেফতার অথবা জেলা থেকে সরিয়ে রাখার দাবি জানানো হয়েছে। সোমবার অডিও ক্লিপ-কাণ্ডে বহরমপুর থানায় হুমায়ুনের হাজিরার মাঝেই এই অভিযোগ জমা পড়ে।
আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। তার আগে অডিও-কাণ্ড, পাল্টা অভিযোগ এবং প্রচার থেকে হুমায়ুনের সরে দাঁড়ানো ঘিরে ক্রমেই সরগরম রেজিনগরের ভোটের ময়দান।
