বিধ্বংসী অগ্নিকান্ডে কারখানা পুড়ে ছাই চিৎপুরে
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
রবিবার ছুটির দিনে সকালে বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনায় কলকাতার চিৎপুরে পুড়ে ছাই রাসায়নিক কারখানা। আগুনের হাত থেকে রক্ষা পায়নি আশেপাশের অন্যান্য কারখানা। ঘিঞ্জি এলাকায় মুহূর্তে ছড়িয়ে পড়া লেলিহান অগ্নিকান্ডের মোকাবিলায় ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের ১২টি ফায়ার ইঞ্জিন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে চিৎপুরের নবাবপট্টি এলাকার একটি রাসায়নিক কারখানায়। ছুটির দিন থাকায় বন্ধ ছিল কারখানা। তবে ঘিঞ্জি এলাকার কারণে মুহুর্তের মধ্যে আগুন লেগে যায় আশেপাশের অন্যান্য কারখানায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় থানার পুলিশ। উপস্থিত হন স্থানীয় কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক রীতেশ তেওয়ারি। খবর দেওয়া হয় দমকলে। প্রথমে ৫টি ফায়ার ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে আরও ৭টি ইঞ্জিন আসে। বস্তুত ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়েন দমকলকর্মীরা। গ্যাস কাটার দিয়ে কারখানার শাটার কাটেন বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। সূত্রের খবর, কারখানায় মজুত সব সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান দমকল ও পুলিশের। আগুন লাগার ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
