কর্নাটকে গৃহলক্ষী যোজনায় ২০০০ টাকা মহিলাদের
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য রাজ্য সরকারের জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের ধাঁচে এবার কর্নাটকে ‘গৃহলক্ষ্মী যোজনা’ স্কিমের ঘোষণা করল কংগ্রেস। এই স্কিমের আওতায় থাকা মহিলারা পাবেন প্রতি মাসে ২০০০ টাকা। ঘোষণা খোদ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর। ভোট বড়ো বালাই। কর্নাটক নির্বাচনে বিশেষ গুরুত্ব পাচ্ছেন মহিলা ভোটাররা। বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে পাশে নিয়ে গৃহলক্ষী যোজনার কথা ঘোষণা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা বলেন, ক্ষমতায় এলে অবিলম্বে গৃহলক্ষী যোজনায় অন্তর্ভুক্ত মহিলাদের মাসিক ২০০০ টাকা দেওয়া হবে।
পশ্চিমবঙ্গে সাড়া ফেলে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার স্কিমে প্রতি মাসে ৫০০ ও ১০০০ টাকা করে পাচ্ছেন মহিলারা। বস্তুত লক্ষ্মীর ভান্ডারে ভর করে নির্বাচনে বাজিমাত করে তৃণমূল বলে মনে করেন রাজনৈতিক পর্যবক্ষেকরা। এবার সেই ধাঁচেই গৃহলক্ষী যোজনায় ভর করে কর্নাটক বিধানসভা নির্বাচন বৈতরণী পার হতে চাইছে কংগ্রেস। অন্যদিকে কর্নাটক বিজেপির অভ্যন্তরীণ গোলযোগে বেশ কিছুটা ব্যাকফুটে পদ্ম শিবির। দলের অন্দরেই নেতৃত্বের প্রতি অসন্তোষ ও ক্ষোভ বাড়ছে। গেরুয়া শিবিরের ডামাডোলে আশাবাদী কংগ্রেসের দাবি, গৃহলক্ষী যোজনায় রাজ্যের প্রায় দেড় কোটি মহিলা উপকৃত হবেন।
উত্তর ভারতে হিমাচল প্রদেশ দখল করার পর দক্ষিণের রাজ্য কর্নাটকে ক্ষমতা দখল করে কংগ্রেস সরকার গড়তে পারবে কিনা সেটাই এখন দেখার।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
